চীনের ৪৪টি ফ্লাইট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: চীনামুখী ৪৪টি ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। করোনা মহামারির বিধিনিষেধ হিসেবে চীন কয়েকটি মার্কিন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করায় জবাবে শুক্রবার (২১ জানুয়ারি) এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশটির পরিবহন বিভাগ জানিয়েছে, এ স্থগিতাদেশটি ৩০ জানুয়ারি চীনের শা্মেন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মাধ্যমে শুরু হবে। সেদিন লস অ্যানজেলেস থেকে শা্মেনগামী ফ্লাইট যাওয়ার কথা ছিল। এ সিদ্ধান্তের আওতায় শা্মেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত হবে। এ স্থগিতাদেশ চলতি বছরের ২৯ মার্চ অবধি চলবে।
এর আগে কিছু যাত্রীর দেহে করোনা পজিটিভ পাওয়ায় ৩১ ডিসেম্বের থেকে চীনা কর্তৃপক্ষ ২০টি ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট, ১০টি আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট এবং ১৪টি ডেল্টা এয়ার লাইনসের ফ্লাইট স্থগিত করেছে। সম্প্রতি মঙ্গলবার মার্কিন পরিবহন বিভাগ বলেছে, চীন সরকার নতুন করে মার্কিন ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, চীনে প্রবেশকারী চীনা বা বিদেশি আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের ক্ষেত্রে একই রকম সুষ্ঠু, উন্মুক্ত এবং স্বচ্ছতার নীতি রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘খুবই অযৌক্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, চীনা এয়ারলাইনসগুলোর ফ্লাইটের যাত্রীদের চলাচলে বিঘ্ন ও বিধিনিষেধ না আরোপ করার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাই।
এদিকে চীনের স্থাগিতাদেশে ক্ষতিগ্রস্ত মার্কিন তিনটি ক্যারিয়ারের একটি ট্রেড গ্রুপ এয়ারলাইনস ফর আমেরিকার প্রতিনিধিরা ওয়াশিংটনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, চীনের বাজারে মার্কিন এয়ারলাইনসের সুষ্ঠু আচরণ নিশ্চিত করতে হবে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, চীনের করোনা বিধিনিষেধ হিসেবে নেওয়া ব্যবস্থার জবাবে ফ্রান্স এবং জার্মানিও একই রকম ব্যবস্থা নিয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//



