মন্দা কাটিয়ে প্রবৃদ্ধির পথে যুক্তরাষ্ট্রের অর্থনীতি
বিনিয়োগবার্তা ডেস্ক: নভেল করোনাভাইরাসজনিত মহামারীর কারণে সৃষ্ট মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ২০২০ সালে রেকর্ড সংকোচনের পর প্রবৃদ্ধিতে ফেরে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। খবর এপি।
গত বছরের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ, যা ১৯৮৪ সালের মন্দার পর সর্বোচ্চ। সেবার জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। গত বছরের শেষটায় বেশ অপ্রত্যাশিত ও নাটকীয় প্রবৃদ্ধি হয়েছে মার্কিন অর্থনীতির। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর’স গ্লোবাল রেটিংয়ের প্রধান অর্থনীতিবিদ অ্যান বোভিনো বলেন, এর অর্থ হলো মার্কিন অর্থনীতি নভেল করোনাভাইরাসের নতুন নতুন ধরনের সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করেছে। সেই অনুযায়ী উৎপাদনও অব্যাহত রয়েছে।
মূল্যস্ফীতির চাপে সংকুচিত ও কভিড-১৯ মহামারীর প্রভাবে থাকা মার্কিন অর্থনীতি চলতি বছর কিছুটা ধীরগতিতে চলবে বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের বিষয়ে অনেক অর্থনীতিবিদই পূর্বাভাস কমিয়ে দিয়েছেন। মূলত নতুন ধরন ওমিক্রনের সংক্রমণের কারণেই এ পূর্বাভাস কমানো হয়েছে। ২০২২ সালের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলও জানিয়েছে যে, মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে।
অন্যদিকে গত সপ্তাহেই ফেডারেল রিজার্ভ নিশ্চিত করেছে যে, মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করতে সুদের হার বাড়ানো হবে। ফলে ঋণ নেয়া আরো ব্যয়বহুল হবে, যা অর্থনীতির প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে।
বিনিয়োগবার্তা/ডিএফই//



