ইরাকে ফ্লাইট বন্ধ ঘোষণা কাতারের
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে এক সপ্তাহের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কুয়েত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বাগদাদ বিমানবন্দরে রকেট হামলার পর কুয়েত এই সিদ্ধান্ত নিল।
কুয়েতের প্রধান বিমান সংস্থা ‘কুয়েত এয়ারওয়েস’ শনিবার এক বিবৃতিতে বলেছে, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কুয়েত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে ইরাকে সাময়িক সময়ের জন্য ফ্লাইট বন্ধ করা হলো।
এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটির কাছে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৬টি রকেট আঘাত হানে। রকেট হামলায় একটি অব্যবহৃত বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে বাগদাদ বিমানবন্দর টার্গেট করার জন্য ইরান নিন্দা জানিয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়, ইরাককে অস্থিতিশীল করার এই আক্রমণ চালানো হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে এক বিবৃতিতে বলেন, এমন সন্দেহযুক্ত কর্মকাণ্ড ইরাকে অনিরাপত্তা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটা অশুভ শক্তি এবং সন্ত্রাসীদের পথ তৈরি করে দিচ্ছে। এসব হামলায় ইরাকি নাগরিকরা সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর কিরকুক-এরবিলের রুট থেকে তারা সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছেন।
হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিনিয়োগবার্তা/এসএল//



