rahul-bajaj

বাজাজ অটোর মালিক রাহুল বাজাজের মৃত্যু

বিনিয়োগবার্তা ডেস্ক: গত শতাব্দীর ৮০ কিংবা ৯০ এর দশকে ভারতের মধ্যবিত্ত বলতেই যেন চোখে ভেসে আসত দুই চাকার বাজাজ চেতক স্কুটারে সওয়ার নারী কিংবা পুরুষ। ভারতের কোটি কোটি মধ্যবিত্ত নাগরিকের এই নিজের একটি দুই চাকার যান্ত্রিক যানের স্বপ্ন পূরণের কারিগর ছিলেন রাহুল বাজাজ।

তার বাজাজ অটোর চেতক স্কুটার ছিল যেন ভারতের মধ্যবিত্ত পরিবারগুলোর প্রতীক। তার প্রতিষ্ঠানের স্লোগান ‘হামারা বাজাজ’ এ লুকিয়ে ছিল ভারতীয় মধ্যবিত্তদের উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রের পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের শিল্পায়নের অন্যতম পথিকৃৎ ও বাজাজ অটোর উদ্যোক্তা রাহুল বাজাজ। ৮৩ বছরের কর্মবহুল জীবনে তিনি বাজাজ অটোকে তৈরি করেন ভারতের অন্যতম বিশাল শিল্প পরিবারে।

তার হাত ধরে বাজাজের টু হুইলারের খ্যাতি ভারত ছাপিয়ে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই শিল্পপতি। শনিবার দুপুর আড়াইটার সময় মারা যান তিনি। আগামীকাল অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য।

বার্ধক্যের কারণে বাজাজ অটোর চেয়ারম্যানের পদ থেকে গত বছরের এপ্রিল মাসে সরে দাঁড়ান রাহুল বাজাজ। দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন পরবর্তী প্রজন্মের হাতে।

টু হুইলারে বাজাজের খ্যাতি ছড়িয়ে পড়লেও বাজাজ প্রতিষ্ঠানের উপস্থিতি রয়েছে ভারতের অটো মোবাইল, জেনারেল ও লাইফ ইন্স্যুরেন্স, হোম অ্যাপ্লায়েন্স, ইলেক্ট্রিক ল্যাম্প, বায়ু বিদ্যুৎ, ইস্পাত ও প্রকৌশল খাতসহ বিভিন্ন ক্ষেত্রে।

রাহুল বাজাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ ও  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শোক প্রকাশ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও।

ভারতের শিল্পখাতে বিপুল অবদান রাখায় ২০০১ সালে রাহুল বাজাজকে পদ্মভূষণ পদকে ভূষিত করে ভারত সরকার।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)