সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে পশ্চিমাদের সম্মতি
বিনিয়োগবার্তা ডেস্ক: বৈশ্বিক আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয়েছে জার্মানি ও এর পশ্চিমা মিত্ররা। গতকাল শনিবার জার্মান সরকারের এক মুখমাত্র ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে নিষেধাজ্ঞার তৃতীয় প্যাকেজ নিয়ে কথা বলার সময় এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
তিনি জানান, রাশিয়ার স্থানীয় মুদ্রা রুবলের ওপর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ কমিয়ে আনতে এ নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞাগুলোর প্রতি সম্মতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, গ্রেট ব্রিটেন এবং ইউরোপীয় কমিশন।
এছাড়া ধনী রুশ নাগরিক এবং তাদের পরিবারের ‘গোল্ডেন পাসপোর্টের’ ক্ষমতা শেষ হয়ে যাবে বলে জানান জার্মান মুখপাত্র। পাশাপাশি যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মদদ যোগাচ্ছে তাদের লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, রাশিয়া তার আক্রমণ বন্ধ না করলে ইউরোপীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় জন্য এই দেশগুলো পরবর্তী পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে তাদের ইচ্ছার ওপর জোর দেবে।
এদিকে বিবিসি জানিয়েছে, বিদেশে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং ব্যাংকটির ওভারসিজ রিজার্ভ ব্যবহার করার ক্ষমতা সীমিত করা হবে। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিব্যপ্তি থেকে রাশিয়াকে আরো দূরে ঠেলে দেয়ার জন্য এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।
রাশিয়া তার প্রধান তেল ও গ্যাস রপ্তানির ক্ষেত্রে লেনদেনের জন্য সুইফট সিস্টেমের ওপর অনেক বেশি নির্ভরশীল। ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে এই যৌথ নিষেধাজ্ঞাগুলোই এখন পর্যন্ত রাশিয়ার ওপর সবচেয়ে কঠোর পদক্ষেপ।
বিনিয়োগবার্তা/ডিএফই//



