মাস্টার কার্ডে রুশদের লেনদেন বন্ধ
বিনিয়োগবার্তা ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূত্র ধরে একের পর এক নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে রাশিয়া। এরই অংশ হিসেবে এবার মাস্টার কার্ডে রাশিয়ান অর্থের লেনদেনে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) মাস্টার কার্ড একটি অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানায়, ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপরে দেওয়া নিষেধাজ্ঞার অংশ হিসেবে দেশটির বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান লেনদেনের ক্ষেত্রে মাস্টার কার্ড ব্যবহারের সুবিধা হারাচ্ছে।
এছাড়া প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর পাশাপাশি আর্ত মানবতার সেবার মাস্টার কার্ড ২ মিলিয়ন ডলার সহায়তা দেবে বলেও জানিয়েছে।
মাস্টার কার্ডের পাশাপাশি আরেক অর্থনৈতিক লেনদেনের মাধ্যম ভিসা জানিয়েছে, রাশিয়ার ব্যাপারে তারা অতি দ্রুত সিদ্ধান্ত নেবে। ধারণা করা যাচ্ছে, রাশিয়ান মুদ্রা লেনদেনের ওপরে ভিসাও অতি দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
এদিকে চলতি সপ্তাহে শনিবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে সুইফট মুদ্রা ব্যবস্থা থেকে নিষিদ্ধ করে। এতে কেবল রাশিয়া নয়, সমগ্র বৈশ্বিক অর্থনীতিতেই বিরূপ অবস্থার সৃষ্টি হয়।
কেবল সুইফট থেকে রাশিয়াকে বের করে দেওয়া নয়, রাশিয়ার ব্যাংক হিসাব পশ্চিমা দেশে ফ্রিজড করে দেওয়ার সিদ্ধান্তে দেশটির ব্যাংকগুলোর সামনে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।
যদিও রাশিয়া তাদের জনগণকে শান্ত থাকতে বলছে। কিন্তু রাশিয়া এখন পর্যন্ত বিকল্প অর্থনীতির কোনো পথ সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়নি।
সূত্র- রয়টার্স
বিনিয়োগবার্তা/এসএল//



