রাশিয়ার শেয়ারবাজারে লেনদেন শুরুর অনিশ্চয়তা কাটছে না
ডেস্ক রিপোর্ট: আগামী সোমবার (১৪ মার্চ) রাশিয়ার পুঁজিবাজারে লেনদেন শুরুর কথা থাকলেও শেষপর্যন্ত সেটি খুলছে না।
শনিবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার কেন্দ্রিয় ব্যাংক দ্যা সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশন। খবর: সিএনএন।
খবরে বলা হয়, প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর প্রভাবে রাশিয়ার মুদ্রা রুবলের ব্যাপক মূল্যপতন হয়। স্টক এক্সচেঞ্জেও ধস নামে। এর প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশনের নির্দেশে দেশটির স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রয়েছে।
শনিবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক- দ্যা সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়ান ফেডারেশন তার ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় বলেছে, সোমবার মস্কো এক্সচেঞ্জে ইক্যুইটি (শেয়ার) লেনদেন শুরু হবে না। তবে বৈদেশিক মুদ্রার বাজার ও কমোডিটি বাজারে লেনদেন চালু হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



