7e7

ইউক্রেনকে সহায়তায় ১ হাজার কোটি ইউরো সংগ্রহ

বিনিয়োগবার্তা ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উদ্বাস্তুদের পুনর্বাসন ও দেশটিকে পুনর্গঠনে তহবিল সংগ্রহ করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন। এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে এক হাজার কোটি ইউরো। শনিবার (৯ এপ্রিল) পোল্যান্ডে এ তহবিল সংগ্রহের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ‘স্ট্যান্ড আপ ফর ইউক্রেন’ ক্যাম্পেইনের একটি কনফারেন্সে যোগ দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। 

এ সময় তিনি গণমাধ্যমকে জানান, সারা বিশ্ব থেকে ইউক্রেনের জন্য সংগৃহীত তহবিলে এরই মধ্যে ৯০০ কোটি ইউরো জমা পড়েছে। এর পাশাপাশি ইউরোপীয় কমিশন দেবে আরও ১০০ কোটি ইউরো। মোট এক হাজার কোটি ইউরো শিগগিরই ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে।

কনফারেন্সে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়া ৭০ লাখের বেশি মানুষ গৃহহীন অবস্থায় নিজ দেশেই মানবেতর জীবনযাপন করছেন।

এই তহবিল সংগ্রহে বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছেন সংগীতশিল্পী এলটন জন, আলানিস মরিসেটে, বিলি আইলিশ, অ্যানি লিনক্স ও ক্রিস রকের মতো আন্তর্জাতিক তারকারা। কনফারেন্সে এমন মানবিক উদ্যোগের জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন সংশ্লিষ্ট সব দেশ ও দাতা সংস্থাগুলোর প্রতি ধন্যবাদ জানান।

এদিকে, রুশ অভিযান ঠেকাতে ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তে স্থায়ীভাবে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রোববার (১০ এপ্রিল) জোটের মহাসচিবের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইউরোপীয়দের নিরাপত্তার জন্য নতুন করে ভাবছে জোটটি। ইইউভুক্ত দেশগুলোর সেনাপ্রধানের সঙ্গে স্থায়ী সেনা মোতায়েনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)