f78

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ৪০ বছরে সর্বোচ্চ


বিনিয়োগবার্তা ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। এর প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার গেল ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বিবিসি প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

জ্বালানির দাম দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় ভোক্তার পর্যায়ে পণ্যের দাম ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এটি ১৯৮১ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে সব ধরনের তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করেন। একই সময়ে, যুক্ররাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের দাম নতুন রেকর্ডে পৌঁছে যায়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ রাশিয়া চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে। এসময়ে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঢেউ শুরু হয়।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্যমতে, এ বছরের মার্চ মাস পর্যন্ত মার্কিন জ্বালানির দাম ৩২ শতাংশ বেড়েছে। একই সময়ে খাদ্যের দাম বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ।

রাশিয়া ও ইউক্রেন গম এবং সূর্যমূখী তেলের মতো বহুল ব্যবহৃত পণ্যের বড় রফতানিকারক। তাই ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর জ্বালানির মতো খাদ্যের মূল্যস্ফীতিও বেড়েছে।

মার্কিন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির হার গত মাসে ফেডারেল রিজার্ভকে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো তার মূল সুদের হার বাড়াতে বাধ্য করেছিল। সেই সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকও এ বছর সুদ হার কয়েকগুণ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোয় মূল্যস্ফীতি এবং খাদ্য ও পেট্রোলের দাম বৃদ্ধি, সেখানকার রাজনীতিবিদদের ওপর চাপ সৃষ্টি করবে।

ইউক্রেনে রাশিয়ার অভিযানের আগে থেকেই মূল্যস্ফীতির হার বাড়ছিল। কারণ কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পরে অনেক বৈশ্বিক অর্থনীতি পুনরায় চালু হয়েছিল।  

সাম্প্রতিক পরিসংখ্যানগুলো দেখায় যে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় গড় আয় ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অনেক কম।

কিন্তু কয়েকজন অর্থনীতিবিদ বিশ্বাস করেন, মার্চ মাসেই মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে বা তার কাছাকাছি পৌঁছেছে।

মাস ভিত্তিতে, ফেব্রুয়ারিতে শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধির তুলনায় মার্চ মাসে মূল্যস্ফীতি ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। জ্বালানির অস্থিতিশীল দাম ও বাড়তি খাদ্য দাম ছাড়াই মূল মূল্যস্ফীতি ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে এটি প্রত্যাশার তুলনায় কম ছিল। 

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)