চীন ভারতের বাণিজ্য

চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ৭ হাজার ৭০০ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট: ২০২১-২২ অর্থবছরে বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য ঘাটতি ৭ হাজার ৭০০ কোটি ডলারের রেকর্ড স্পর্শ করেছে। খবর: দ্য প্রিন্ট।

 

দীর্ঘদিন ধরেই চীনের সঙ্গে সীমান্ত বিরোধ চলছে ভারতের। ২০২০ সালের মাঝামাঝিতে প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘাত এ বিরোধে নতুন মাত্রা যোগ করে। প্রভাব পড়ে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও। এ পরিপ্রেক্ষিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনা পণ্যের নির্ভরতা কমানোর আহ্বান জানান। এরপরও এমন বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশটি।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) তথ্য অনুসারে, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত চীনে ২ হাজার ৬৪৬ কোটি ডলারের পণ্য রফতানি করেছে ভারত। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থেকে ১০ হাজার ৩৪৭ কোটি ডলারের পণ্য আমদানি করেছে দেশটি।

 

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থবছরের প্রথম ১১ মাসে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি প্রায় ৬ হাজার ৫৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ ঘাটতির পরিমাণ আগের অর্থবছরের তুলনায় অনেক বেশি। এর আগে ২০২০-২১ অর্থবছরে ৪ হাজার ৪০২ কোটি ডলার, ২০১৯-২০ অর্থবছরে ৪ হাজার ৮৬৫ কোটি ডলার এবং ২০১৮-১৯ অর্থবছরে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৫ হাজার ৩৫৭ কোটি ডলার। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে এ ঘাটতি ৬ হাজার কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছিল। সে সময় ভারতের এ ঘাটতি ছিল ৬ হাজার ৩০০ কোটি ডলার। এর পেছনে চীনে ভারতের আকরিক লোহা ও তুলা রফতানিতে উল্লেখযোগ্য হ্রাসকে দায়ী করা হয়েছিল। তবে ২০১৮-১৯ থেকে ২০২০-২১ পর্যন্ত বাণিজ্য ঘাটতি নিম্নমুখী প্রবণতায় ছিল।

 

জিএসিসির তথ্য অনুসারে, ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে প্রতিবেশী দুই দেশের মধ্যে মোট দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ হাজার ৯৯৩ কোটি ডলারে উন্নীত হয়েছে। ভারত থেকে চীনের আমদানি প্রাক-কভিড পর্যায়কে ছাড়িয়ে গিয়েছে। এ সময়ে দেশটি ২ হাজার ৬৪৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। যেখানে আগের অর্থবছরে এটি ছিল ১ হাজার ৭৫১ কোটি ডলার।

 

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্ত শীর্ষ বাণিজ্য প্রচার সংস্থা ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (এফআইইও) অনুসারে, চীন থেকে আমদানি করা শীর্ষ পণ্যগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, যন্ত্রপাতি ও সার। এ পণ্যগুলোই চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বাড়িয়ে তুলতে সহায়তা করেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)