তিন মাসে অ্যামাজনের লোকসান ৩৮৪ কোটি ডলার
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি নভেল করোনাভাইরাসের সংক্রমণপ্রবাহ কিছুটা কমতে শুরু করায় ভোক্তাদের মধ্যে অনলাইন কেনাকাটা কমে যাওয়ায় লকসানের শিকার হয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।
চলতি বছরের প্রথম তিন মাসে অ্যামাজন ৩৮৪ কোটি ডলার লোকসান করেছে। শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭ ডলার ৫৬ সেন্ট। অথচ গত বছর একই সময়ে অ্যামাজনের লাভ ছিল ৮১০ কোটি ডলার। ওই বছর শেয়ারপ্রতি লাভ ছিল ১৫ ডলার ৭৯ সেন্ট।
২০১৫ সালের পর এই প্রথম চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ‘২২) লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। খবর এপি।
ফ্যাক্টসেটের তথ্য বলছে, ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা এর আগে জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যামাজনের শেয়ারপ্রতি লাভ ৮ ডলার ৩৫ সেন্ট হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। উত্তর আমেরিকায় অ্যামাজনের পরিচালন লোকসান হয়েছে ১৫৭ কোটি ডলার। আন্তর্জাতিক ব্যবসাপ্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২৮ কোটি ডলার।
এদিকে প্রথম প্রান্তিকে লোকসান করলেও অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ব্যবসা বেশ ভালো চলেছে। ফলে নেটফ্লিক্স, ম্যাকডোনাল্ড’স ও অন্যান্য প্রতিষ্ঠানের অনলাইন কার্যক্রমগুলো লাভবান হচ্ছে। বছরের প্রথম তিন মাসে অ্যামাজনের অনলাইন ব্যবসা ৩৭ শতাংশ বেড়েছে। এছাড়া বিজ্ঞাপন ব্যবসা বেড়েছে ২৫ শতাংশ।
এ সত্ত্বেও অনলাইনে উল্লেখযোগ্য পরিমাণে কেনাকাটা কমিয়েছেন ভোক্তারা। মাস্টারকার্ড স্পেনডিংপালসের তথ্য বলছে, দোকানের বিক্রি বাড়লেও মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে গত মার্চে এই প্রথম অনলাইন বিক্রি কমেছে অ্যামাজনের।
এ বিষয়ে অ্যামাজনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ব্রায়ান ওলসাভস্কি জানান, গত দুই বছরে প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্বিগুণ হয়েছে। এছাড়া কর্মীর সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে শ্রম সংকট ও স্থান সংকুলান কোনো বড় সমস্যা নয়। তবে নতুন নতুন বাধা আসছে অ্যামাজনের জন্য। এর মধ্যে অন্যতম হলো পণ্য পরিবহন ব্যয়।
অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি এক বিবৃতিতে জানান, মহামারী ও ইউক্রেন যুদ্ধ অস্বাভাবিক প্রবৃদ্ধি ও চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে। আমাদের দল উৎপাদন কার্যক্রম বাড়ানোর বিষয়ে যথেষ্ট মনোযোগী। পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণের বিষয়েও সতর্ক আছি। আমরা জানি কী করে তা করতে হবে। এর আগেও আমরা তা করেছি।
এদিকে মূল্যস্ফীতি ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবন্ধকতা ঠেকাতে তৃতীয় পক্ষের বিক্রেতাদের জন্য ৫ শতাংশ চার্জ বাড়িয়েছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি। এছাড়া বার্ষিক প্রাইম মেম্বারশিপ ফি ২০ ডলার বাড়িয়েছে অ্যামাজন। ২০১৮ সালের পর এই প্রথম ফি বাড়াল প্রতিষ্ঠানটি
বিনিয়োগবার্তা/এসএএম//



