প্রতিদিন ৩০০ মিলিয়ন ডলার খরচ করছে রাশিয়া
বিনিয়োগবার্তা ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে প্রতিদিন দেশটির প্রতিরক্ষা খাতে খরচ হচ্ছে ৩০০ মিলিয়ন ডলার। খবর মস্কো টাইমস। ফেব্রুয়ারির শেষার্ধ থেকে ইউক্রেনে চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান। এতে দেশটির প্রতিরক্ষা ব্যয় বেড়ে দ্বিগুণ হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে ৩৬৯ বিলিয়ন রুবল (৫ দশমিক ৪ বিলিয়ন ডলার)। মার্চ মাসে এ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ বিলিয়ন রুবলে (৬ দশমিক ৬ বিলিয়ন ডলার)। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এপ্রিলে ব্যয় আরও বেড়েছে।
এপ্রিলে প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে ৬২৮ বিলিয়ন রুবল (৯ দশমিক ২ বিলিয়ন ডলার)। এতে দেখা যায়, ইউক্রেনে তাদের সামরিক অভিযান চালিয়ে যেতে প্রতিদিন গুনতে হচ্ছে ২১ বিলিয়ন রুবল, যা কিনা ডলারের হিসাবে ৩০৮ মিলিয়ন ডলার।
চলতি বছরের জানুয়ারিতে প্রতিরক্ষা খাতের হিসাব থেকে ব্যয় পরিলক্ষিত হয় ২৩৪ বিলিয়ন রুবল (৩ দশমিক ৪ বিলিয়ন ডলার)। দিন যত গড়াচ্ছে, যুদ্ধের ব্যয় ততই বৃদ্ধি পাচ্ছে।
এদিকে দেশটির চলতি অর্থবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ৬৮১ ট্রিলিয়ন রুবল (২৪ দশমিক ৬ বিলিয়ন) ডলার।
মূলত রাশিয়া প্রতিরক্ষা খাতে যে অর্থ ব্যয় করছে, তা শিক্ষা খাতে খরচ করা অর্থের তিন গুণ, স্বাস্থ্যখাতের দ্বিগুণ ও পরিবেশ ব্যবস্থাপনা খাতের ১০ গুণ বেশি।
রাশিয়া যাতে যুদ্ধ চালিয়ে যেতে না পারে, সে জন্য শুরু থেকেই পশ্চিমারা নানামুখী নিষেধাজ্ঞার বাণে জর্জরিত করার চেষ্টা করে আসছে দেশটিকে। তবে ইউরোপ-আমেরিকার বাজার ছেড়ে এবার রাশিয়া ঝুঁকছে এশিয়ার দিকে। ব্যবসাখাতে রাশিয়ার বড় ক্রেতা হয়ে দাঁড়িয়েছে চীন ও ভারত। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গেও নতুন ব্যবসায়িক চুক্তিতে যাচ্ছে রাশিয়া।
বিনিয়োগবার্তা/এসএল//



