জার্মানিকে ছাড়িয়ে রাশিয়ায় বৃহত্তম রফতানিকারক বেলারুশ
বিনিয়োগবার্তা ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিস্তৃত খাতজুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। ফলে দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যপ্রবাহ প্রায় স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় বাণিজ্যপ্রবাহ পুনরুদ্ধার করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েছে। এপ্রিলে প্রথমবারের মতো দেশটিতে রফতানির ক্ষেত্রে জার্মানিকে ছাড়িয়ে গিয়েছে বেলারুশ। যদিও দেশটির চেয়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতি ৬০ গুণেরও বেশি বড়।
রাশিয়ার বৃহত্তম এক্সপ্রেস ডেলিভারি প্রতিষ্ঠানগুলোর একটি এসডিইকের আন্তর্জাতিক লজিস্টিক প্রধান আন্দ্রে পোবেজিমভ বলেন, মার্চ-মে সময় বাজার কার্যত বিপর্যস্ত হয়েছে। বর্তমানে ইউরোপ থেকে কার্গো আনা খুব কঠিন হয়ে উঠেছে। কখনো কখনো এটি প্রায় অসম্ভব।
এদিকে রাশিয়ার অর্থনৈতিক চিত্র পাওয়ায় কঠিন হয়ে উঠেছে। কারণ দেশটি আমদানি ও রফতানির বিস্তারিত ভাঙনসহ মূল পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দিয়েছে। তবে সহযোগী দেশগুলোর পরিসংখ্যানে রাশিয়ার বাণিজ্য গন্তব্যের আমূল পরিবর্তনের চিত্র উঠে এসেছে।
২০২১ সালে আমদানির প্রায় অর্ধেক অবদান রাখা বাণিজ্য অংশীদারদের কাছে রাশিয়ার বিক্রি এপ্রিলে প্রায় ৪০ শতাংশ কমেছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে নিষেধাজ্ঞায় যোগ না দেয়া চীনের মতো দেশও দেশটিতে রফতানি কমিয়ে এনেছে।
রাশিয়ার বৃহত্তম আর্থিক পরিষেবা সংস্থা ওটক্রিটির গবেষণা অনুসারে, এপ্রিলে রাশিয়ার আমদানি মূল্য ৫০০ কোটি ডলারে নামতে পারে। যেখানে গত বছরের একই সময়ের দেশটি ২ হাজার ৭০০ কোটি ডলারের আমদানি করেছিল।
ইউরোপের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলারুশ অন্যতম প্রধান সহযোগী হিসেবে আবির্ভূত হচ্ছে। নির্মাণসামগ্রী থেকে শুরু করে পোষা প্রাণীর খাবার পর্যন্ত পণ্যের ক্ষেত্রে রাশিয়ায় দেশটির রফতানি এপ্রিলে ১০০ শতাংশেরও বেশি বেড়েছে। এজন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার পাশাপাশি বেলারুশকে লক্ষ্য করেও অনেক নিষেধাজ্ঞা দিয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//



