USA Covid

যুক্তরাষ্ট্রে প্রবেশে কভিড পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিল

বিনিয়োগবার্তা ডেস্ক: আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য কভিড-১৯ পরীক্ষার বাধ্যবাধকতা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নেগেটিভ সনদ দেখাতে হতো। আজ থেকে ১৭ মাসের পুরনো এ বিধি প্রত্যাহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই এয়ারলাইনস ও ভ্রমণ শিল্পের কর্মকর্তারা এ পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছিলেন। খবর রয়টার্স।

কভিড-১৯ সংক্রমণ মোকাবেলায় ২০২১ সালের শুরুর দিকে পরীক্ষার বাধ্যবাধকতা আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকসহ দেশটিতে প্রবেশ করতে চাওয়া ভ্রমণকারীদের বোর্ডিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষা করা কভিড-১৯ নেতিবাচক সনদ দেখাতে হতো। এরপর জো বাইডেন প্রশাসন এ বিধি আরো কঠোর করেছিল। এর আগে স্থল সীমান্ত ক্রসিংয়ে এ বিধি তুলে দেয়া হয়।

এয়ারলাইনস ও ভ্রমণ শিল্পের সংশ্লিষ্টরা বারবার মার্কিন প্রশাসনকে এ বিধি বাদ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। তারা যুক্তি দেখিয়েছিলেন, এটি আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা বাড়ার ক্ষেত্রে অন্যতম অন্তরায় হিসেবে কাজ করছে।

সম্প্রতি আমেরিকান এয়ারলাইনসের প্রধান নির্বাহী এ নিয়মকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)