q

বিশ্বকাপের আগে রেকর্ড মুনাফা কাতার এয়ারওয়েজের

বিনিয়োগবার্তা ডেস্ক: আরামদায়ক ও বিলাসী ভ্রমণের জন্য পরিচিত কাতার এয়ারওয়েজ। ২০২১-২২ অর্থবছরে রেকর্ড পরিমাণ মুনাফা পেয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইনসটি। আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার জন্য বিপুলসংখ্যক ভ্রমণকারী বহনে প্রস্তুতির মধ্যেই এমন খবর দিল কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর এপি।

কাতার এয়ারওয়েজের আরব উপদ্বীপের পূর্ব উপকূলে রাজধানী দোহার একটি উজ্জ্বল নতুন বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে। সেখানেই চলতি বছরের শেষ দিকে মধ্যপ্রাচ্যের প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে কাতার এয়ারওয়েজের আয় ১ হাজার ৪৪০ কোটি ডলারে পৌঁছেছে। এটি আগের অর্থবছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। এ সময়ে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি ১ কোটি ৮৫ লাখ যাত্রী পরিবহন করেছে। এ সংখ্যাও আগের অর্থবছরের চেয়ে ২০০ শতাংশ বেশি। কেবল আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা প্রতিষ্ঠানটি এ সময়ে ১৫০ কোটি ডলার মুনাফা পেয়েছে। এ মুনাফা সংস্থাটির ২৫ বছরের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। যেখানে এর আগের অর্থবছরে সংস্থাটি ৪১০ কোটি ডলার লোকসানের মুখোমুখি হয়েছিল। কভিডজনিত বিধিনিষেধ এবং এয়ারবাস এ৩৮০ ও এ৩৩০ ওয়াইড-বডির জেটগুলো বসিয়ে রাখার কারণে এমন লোকসান গুনেছিল সংস্থাটি। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে রেকর্ড মুনাফার মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছে কাতার এয়ারওয়েজ।

বিশ্বজুড়ে কভিডজনিত বিধিনিষেধ শিথিল কাতার সরকারের মালিকানাধীন সংস্থাটিকে মুনাফায় ফিরতে সহায়তা করেছে। তাছাড়া মহামারীর কঠিনতম মাসগুলোয় সংস্থাটি সরকারের কাছ থেকে ৩০০ কোটি ডলারের প্রণোদনা পেয়েছিল। এ অর্থ কভিডজনিত কারণে দীর্ঘ দূরত্বের ভ্রমণ বিধিনিষেধের মধ্যেও সংস্থাটিকে কার্যক্রম সচল রাখতে সহায়তা করেছে। সংস্থাটির প্রধান প্রতিদ্বন্দ্বী এমিরেটস এয়ারলাইনস মহামারীতে দুবাই সরকারের কাছ থেকে কয়েকশ কোটি ডলারের অর্থসহায়তা পেয়েছিল। দুটি এয়ারলাইনসই নিজ নিজ দেশের অর্থনৈতিক মূল ভিত্তি হিসেবে কাজ করে। দেশগুলোর অর্থনীতি পর্যটক ও ট্রানজিট যাত্রীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)