ফিনল্যান্ড-সুইডেনকে হুঁশিয়ারি পুতিনের
বিনিয়োগবার্তা ডেস্ক: পশ্চিমা সামরিক জোট ন্যাটো ফিনল্যান্ড ও সুইডেনে কোনো সেনা মোতায়েন করলে তার কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশ দুইটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানালেন পুতিন। খবর রয়টার্স।
মধ্য এশিয়ার সাবেক সোভিয়েতভুক্ত দেশ তুর্কমেনিস্তানে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলাপের পর স্থানীয় বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে সমস্যা তা ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায়, এটা তাদের ইচ্ছা। কিন্তু তাদের অবশ্যই বুঝতে হবে যদি সেখানে ন্যাটো সামরিক দল এবং অবকাঠামো মোতায়েন করা হয়, তবে আমাদের সদয়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। রুশ প্রেসিডেন্ট জানান, যে অঞ্চলগুলো থেকে আমাদের প্রতি হুমকি তৈরি করা হয়েছে, তাদের জন্য একই হুমকি তৈরি করতে হবে।
পুতিন বলেন, ন্যাটোতে যোগ দেয়ার পর হেলসিঙ্কি ও স্টকহোমের সঙ্গে মস্কোর সম্পর্ক খারাপ হওয়া এড়ানো যাবে না। দেশ দুটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবকিছু ঠিকঠাক ছিল, কিছু উত্তেজনা থাকতে পারে, অবশ্যই থাকবে। আমাদের জন্য হুমকি থাকলে তা অনিবার্য।
তিন দেশ একে অপরের নিরাপত্তা রক্ষায় সম্মত হওয়ার পর ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের ওপর থেকে আপত্তি প্রত্যাহার করে নেয় তুরস্ক। এর একদিন পর পুতিন তার মন্তব্য করেছেন। ওই পদক্ষেপের অর্থ হচ্ছে হেলসিঙ্কি ও স্টকহোম এখন তাদের ন্যাটো যোগদানের আবেদন নিয়ে সামনে আগাতে পারবে। এর ফলে গত কয়েক দশকের মধ্যে ইউরোপের নিরাপত্তায় বড় বদল আসছে।
পুতিন বলেন, ইউক্রেনে চালানো রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য এখনও অপরিবর্তিত রয়েছে। এ অভিযানের লক্ষ্য ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলকে স্বাধীন করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতের শর্ত তৈরি করা। রুশ বাহিনী ইউক্রেনে অগ্রগতি অর্জন করছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। তিনি বলেন, এ অভিযান কবে শেষ হবে তার কোনো দিনক্ষণ ঠিক করার কোনো প্রয়োজন নেই।
বিনিয়োগবার্তা/এসএল//



