শ্রীলংকায় ফের জরুরি অবস্থা ঘোষণা
ডেস্ক রিপোর্ট: প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুইদিন আগে শ্রীলংকায় আবারো জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
গতকাল রোববার রাতে এ ঘোষণা দেন তিনি।
সোমবার বার্তা সংস্থা রয়টার্স এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে শ্রীলংকায় জরুরি অবস্থার ঘোষণা দেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দেশের রাজনৈতিক অস্থিরতা রোধ ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় এ ঘোষাণা দেয়া হয় বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জননিরাপত্তার স্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষা, মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটাতে এবং পরিষেবাগুলো রক্ষণাবেক্ষণের স্বার্থে এটি করতে বাধ্য হয় সরকার।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, যিনি সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেরই মিত্র। তার পদত্যাগেও আন্দোলন করছে বিক্ষোভকারীরা। অথচ, রনিল বিক্রমাসিংহে আগামী বুধবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। এতে তিনি নির্বাচিত হলে অস্থিরতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এদিকে গত শনিবার পার্লামেন্টে গোতাবায়া রাজাপাকসের পাঠানো পদত্যাগপত্রটি পড়ে শোনান দেশটির পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধামিকা দাসানায়েক। এরপর তিনি উপস্থিত সদস্যদের জানান, এ মুহূর্তে শ্রীলংকার প্রেসিডেন্ট পদটি শূন্য রয়েছে।
তিনি এটাও জানান, যারা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, তাদের ১৯ জুলাই সকাল ১০টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। সেদিন সকাল ১০টায় পার্লামেন্টের অধিবেশনও আহ্বান করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, যদি প্রেসিডেন্ট পদের জন্য একজনের বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তাহলে এর পরদিন অর্থাৎ ২০ জুলাই ভোট গ্রহণ করা হবে। সেখানে যিনি বিজয়ী হবেন তাকেই শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



