73_1

ব্রিটিশ মুদ্রা থেকে সরে যাবে রানির ছবি

বিনিয়োগবার্তা ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের মানুষের জীবনে বেশকিছু পরিবর্তন আসতে চলেছে। জাতীয় সংগীতে তো বটেই, পরিবর্তন করতে হবে মুদ্রা, স্ট্যাম্প, পোস্টবক্স ও পাসপোর্টেও। দশকের পর দশক ধরে যুক্তরাজ্যের কাগুজে ও ধাতব মুদ্রায় চিত্রিত হয়ে আসছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭০ বছর তিনি ব্রিটেন শাসন করেছেন। ফলে এ দীর্ঘ সময় তার ছবির ছাপ দিয়ে চলেছে মুদ্রা। তবে কেবল যুক্তরাজ্যেই নয়, আরো কিছু দেশের মুদ্রায়ও ছিল রানির আসন। মূলত যেসব দেশ একসময় ব্রিটিশ রাজত্বের অধীনে ছিল, সেগুলোর কোথাও কোথাও রানীর প্রতি সম্মান দেখিয়ে তার ছবির স্থান হয়েছিল মুদ্রায়।

এপির প্রতিবেদন অনুসারে, রানীর মৃত্যুর পর, এখন প্রশ্ন উঠেছে—রানির ছবি চিত্রিত মুদ্রাগুলোর কী হবে? প্রচলিত মুদ্রা থেকে রানির ছবি সরাতে বেশ কিছুদিন সময় লাগবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অন্যান্য বেশ কয়েকটি দেশের।

গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে ব্রিটেনের বাজারে সচল ৪৫০ কোটি ব্যাংক নোট, যার আর্থিক মূল্য ৮ হাজার কোটি পাউন্ড। এ বিপুল পরিমাণ নোট বাজার থেকে সরিয়ে নতুন শাসক অর্থাৎ রাজা তৃতীয় চার্লসের ছবিযুক্ত নোট চালু করতে আরো অন্তত দুই বছর সময় লাগবে। কারণ সবশেষ ৫০ পাউন্ডের একটি নোট চালুর পর বাজারে আগের নোটের সঙ্গে তা সমন্বয় করতে প্রায় ১৬ মাস নিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।

১৯৫২ সালে রানির মুকুট পরেন দ্বিতীয় এলিজাবেথ। অবশ্য সে বছরই নোট ও ধাতব মুদ্রায় তার ছবি ছাপা হয়নি। ১৯৬০ সাল নাগাদ মুদ্রায় তার দেখা মেলে। রানীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই মুদ্রা থেকে তার ছবি সরিয়ে নেয়া হবে না। সবার আগে এখন নতুন রাজা চার্লসের একটি পোর্ট্রেট ছবি নির্বাচন করবে বাকিংহাম প্যালেস।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথের ছবিযুক্ত ব্যাংক নোটগুলো বাজারে যথানিয়মে চালু থাকবে। শোক প্রকাশের ১০ দিন পার হওয়ার পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে। একই নিয়ম বহাল থাকবে ধাতব মুদ্রার ক্ষেত্রেও। ব্রিটিশ ধাতব মুদ্রার নির্মাতা দ্য রয়্যাল মিন্ট জানিয়েছে, শ্রদ্ধার সঙ্গে শান্তিপূর্ণ শোক প্রকাশের পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, একবারে সব নোট ও কয়েন বদলানো হবে না। তার বদলে ধীরে ধীরে রানির ছবিযুক্ত নোট ও মুদ্রায় বদল আনা হবে। ফলে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবিযুক্ত মুদ্রা আরো বেশ কয়েক বছর বাজারে ঘুরবে।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের পর তার নতুন পোর্ট্রেট তোলা হবে। এরপর সেখান থেকেই নতুন নোট ও মুদ্রার ছবি নির্বাচন করা হবে। নতুন ধাতব মুদ্রায় চার্লসের মুখ থাকবে বামমুখী। এত দিন রানির ছবি ছিল ডানমুখী। ১৭ শতকের একটি নিয়ম অনুযায়ী, নতুন শাসকের মুখ মুদ্রায় বসবে তার পূর্বসূরির বিপরীত ক্রমানুসারে।

অন্য যে দেশগুলোর মুদ্রায় রানির ছবি রয়েছে তার মধ্যে ব্যাংক অব কানাডা বলছে, তাদের ২০ কানাডীয় ডলারের ব্যাংক নোটে রানির ছবি রয়েছে। এ নকশার নোট চলতি বছরজুড়েই চালু থাকবে। যেহেতু ব্রিটেনের শাসক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নোটের নকশা পরিবর্তনের কোনো সাংবিধানিক নিয়ম নেই, তাই ধীরে-সুস্থে সময় নিয়েই এটি পরিবর্তন করা হবে।

রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড জানিয়েছে, চার্লসের ছবিযুক্ত মুদ্রা চালুর আগে রানির ছবিযুক্ত মুদ্রা ও নোট বাজার থেকে ধীরে ধীরে তুলে নেয়া হবে। এক্ষেত্রে কিছু সময় লাগতে পারে বলেও জানিয়েছে তারা।

বিনিয়োগবার্তা/এসএল// 


Comment As:

Comment (0)