চীনের অবকাঠামো

অবকাঠামো খাতে ২৬ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে সাংহাই

ডেস্ক রিপোর্ট: আটটি অবকাঠামো প্রকল্প ঘোষণা করেছে চীনের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত সাংহাই। এতে তাদের ১ দশমিক ৮ ট্রিলিয়ন ইউয়ান বা ২৬ হাজার কোটি ডলার বিনিয়োগ হবে। এপ্রিল ও মে মাসের কঠোর লকডাউনের প্রভাবে পতিত অর্থনীতির শ্লথগতি চাঙ্গা করতে এ বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সাংহাইয়ের অর্থনীতি ১৩ দশমিক ৭ শতাংশ সংকুচিত হয়েছে। চীনের ৩১টি অঞ্চল থেকে সবচেয়ে বাজে পরিস্থিতি ছিল দেশটির বৃহত্তম এ শহরটির।

গত সোমবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) উপাত্তে দেখা গিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে সাংহাইয়ের অবকাঠামো বিনিয়োগ ২৭ দশমিক ৪ শতাংশ কমেছে। বিপরীতে পুরো দেশের অবকাঠামো বিনিয়োগ যেখানে ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

মহামারীর শুরু থেকেই জিরো কভিড নীতি অব্যাহত রেখেছে চীন। প্রায় আড়াই বছর ধরে বারবার লকডাউনসহ কভিডজনিত বিধিনিষেধের মধ্যে রয়েছে দেশটি। ফলে দুর্বল হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে ভোক্তা ব্যয়। বিপর্যস্ত হয়ে পড়েছে সরবরাহ ব্যবস্থা। মন্দা দেখা দিয়েছে ঋণে জর্জরিত দেশটির আবাসন খাতেও। সব মিলিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে শ্লথগতি তৈরি হয়েছে। এ অবস্থায় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার। অবকাঠামো ব্যয়কে উৎসাহিত করতে শিগগিরই ৫০ হাজার কোটি ইউয়ান (৭ হাজার ৪৬৯ কোটি ডলার) অবকাঠামো বিনিয়োগ তহবিল গঠন করবে চীন।

পরিকল্পনার সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি রয়টার্সকে জানান, চলতি প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তহবিলটি গঠন করা হচ্ছে। যদিও সূত্র দুটি বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করেনি।

সম্প্রতি কভিডজনিত লকডাউন শেষে নানা ধরনের অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করছে চীন। যদিও বিশ্লেষকরা বলছেন, দেশটি এখনো জিরো কভিড নীতি থেকে সরে আসেনি। ফলে চলতি বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় ৫ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি পাওয়া দেশটির জন্য কঠিন হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)