আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই হলো। তবে শেষ হাসি হাসলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হারিয়ে তিনিই হতে চলেছেন দেশটির প্রেসিডেন্ট।
বিবিসির তথ্য অনুযায়ী, শেষ ধাপের ভোট গণনা শেষে লুলা দা সিলভা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো।
এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ থাকলেও নির্বাচনে জিতে তিনি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছিলেন।
‘ব্রাজিলের মানুষ ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, চাকরি করতে চায়। তারা সুযোগ পেতে চায় শিক্ষার। বন্দুকের পরিবর্তে চায় বই। আমরা শান্তি, গণতন্ত্র এবং মর্যাদা চাই। আমরা এখন এক মানুষ।’
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় কথাগুলো বলছিলেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। রোববার (৩০ অক্টোবর) ব্রাজিলের সুপ্রিম কোর্ট লুলাকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। ৭৭ বছর বয়সী এ নেতার ক্ষমতায় প্রত্যাবর্তন অনুষ্ঠান হতে পারে আগামী ১ জানুয়ারি।
লুলা দা সিলভা বামপন্থী রাজনীতিবদ আর বলসোনারো কট্টর ডানপন্থী। এই জয়ে বিশ্বনেতারা লুলাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লুলাকে অভিনন্দন জানিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে লুলালে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, ২০১৯ সালে কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও লাগামহীন কথাবার্তার জন্য সমালোচিত ছিলেন বলসোনারো। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তিনি ব্রাজিলকে রক্ষায় তেমন কোনো পদক্ষেপ নেননি। এছাড়া, তার বিরুদ্ধে মহামারির সময় অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//



