২৭তম জলবায়ু সম্মেলন শুরু
ডেস্ক রিপোর্ট: ২৭তম জলবায়ু সম্মেলন কপ২৭ শুরু হয়েছে।
মিশরের শারম আল শেখ নগরীতে রোববার শুরু হওয়া এই সম্মেলনে যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত বিশ্বে ক্রমবর্ধমান ভয়াবহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের প্রায় ২০০টি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছে।
শারম আল শেখের লোহিত সাগর রিসোর্টে ১৩ দিনের এ সম্মেলনে যোগ দিয়েছেন জাতিসংঘের প্রধান এন্তোনিও গুতেরেস।
তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের একটি পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে। কপ২৭ সম্মেলন থেকে অবশ্যই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনেক দ্রুত এবং সাহসী পদক্ষেপ নিতে হবে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের এ যুদ্ধে হয় আমরা জয়ী হবো, নয়তো হেরে যাব।
মহাসচিব বলেন, এ লড়াইয়ের অর্থ হলো ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে বৈশ্বিক উষ্ণতা সীমাবদ্ধ করতে হবে। ১৯ শতকের শেষের দিকেও যা ছিল ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ জন্য ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাসের নির্গমন ৪৫ শতাংশ কমাতে হবে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা না গেলে পৃথিবীকে বসবাসের অযোগ্য একটি হটহাউসে পরিণত হওয়ার দিকে এগিয়ে যেতে পারে।গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির পরিবর্তন না হলে চলতি দশকের শেষ নাগাদ কার্বন দূষণ ১০ শতাংশ বৃদ্ধি পাবে এবং পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাবে। তবে প্যারিস চুক্তির অধীন প্রতিশ্রুতিগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে এক ডিগ্রির কয়েক দশমাংশ তাপমাত্রা বৃদ্ধি হ্রাস পাবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



