আইএমএফ

বৈশ্বিক অর্থনীতি আরও খারাপের দিকে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: চলমান বৈশ্বিক মন্দার মধ্যে ফের দুঃসংবাদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সাম্প্রতিক সময়ের বেশ কিছু ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত সমীক্ষার আলোকে এমন দাবি করছে সংস্থাটি। 

আইএমএফ মনে করে, পরিস্থিতির এই অবনতির জন্য মুদ্রাস্ফীতির কারণে বিভিন্ন দেশে নেয়া কঠোর মুদ্রানীতি, চীনের অর্থনীতির ‘দুর্বল’ গতির প্রবৃদ্ধি এবং ইউক্রেনে রুশ হামলার কারণে পণ্য সরবরাহে চলমান জটিলতা ও এর ফলে দেখা দেয়া খাদ্য অনিরাপত্তাই মূলত দায়ী। 

ইন্দোনেশিয়ার বালিতে চলমান জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য তৈরি করা এক ব্লগে এসব পর্যবেক্ষণের কথা লিখেছে আইএমএফ। সেখানে বিশেষ করে ইউরোপের অর্থনীতিতে ‘gloomier’, অর্থাৎ আগের চেয়ে আরো খারাপ পরিস্থিতির আশঙ্কা ব্যক্ত করে বলা হয়েছে।

 জি-২০ ভুক্ত দেশগুলার অধিকাংশের অর্থনীতিই দুর্বলতর হওয়ার শঙ্কায় রয়েছে। আইএমএফ আরো লিখেছে, বিশ্ব অর্থনীতি এখন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি৷ অর্থনীতির সূচকগুলো আরো দুর্বল হচ্ছে এবং তাতে আগামীতে আরো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করে, ইউরোপে ক্রমশ খারাপ থেকে আরও খারাপের দিকে যাত্রারত জ্বালানি পরিস্থিতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাপকভাবে ব্যাহত করতে পারে। এর ফলে আগে যতটুকু আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে বেশি মূল্যস্ফীতি হতে পারে।

বিনিয়োগবার্তা/এমআর// 


Comment As:

Comment (0)