দিল্লিতে সর্বনিম্ন ১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

দিল্লিতে সর্বনিম্ন ১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি শীত মৌসুমে ভারতের রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, শহরটিতে সোমবার ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহও চরম আকার ধারণ করেছে। আবহাওয়ার এমন পরিস্থিতি বিরাজ করবে আরো তিন দিন। পরিস্থিতি মোকাবেলায় দিল্লিবাসীকে শীতের পোশাক নিয়ে আগে থেকেই প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর: এনডিটিভি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, নয়াদিল্লির ওপর দিয়ে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। একই অবস্থা বিরাজ করছে পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। এ ছাড়া উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা রয়েছে। গতকাল রোববার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে তাপমাত্রা নেমে দাঁড়ায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। সেলসিয়াস। আগামী তিন দিন উত্তর ভারতের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এর আগে, গত ৮ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১ দশমিক ৯ ডিগ্রি।

সংস্থাটি আরো জানিয়েছে, হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবেলায় গতকাল রোববারই এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দপ্তর।

নির্দেশিকায় বলা হয়েছে, ১৮ জানুয়ারি পর্যন্ত দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত দুই-তিন ডিগ্রি কমতে পারে। এ কয়েকদিন রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে ‘প্রবল শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। দিল্লিবাসীকে সতর্ক থাকতে তাই খুব প্রয়োজন না পড়লে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)