খাদ্যপণ্যের দাম আরো বাড়াবে নেসলে
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর খাদ্যপণ্যের দাম আরো বাড়াবে নেসলে। সম্প্রতি কোম্পানির শীর্ষ নির্বাহী (সিইও) মার্ক স্নেইডার এ তথ্য নিশ্চিত করেন। বিভিন্ন উপকরণের দাম ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদক কোম্পানিটি। খবর রয়টার্স।
গত বছর থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ধুঁকছে বিশ্ব। বিশেষ করে খাদ্যপণ্য ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সর্বত্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে কৃষিপণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এতে নেসলের মতো খাদ্যপণ্য উৎপাদক কোম্পানির ব্যয় বেড়ে যাচ্ছে।
তবে কী পরিমাণে খাদ্যপণ্যের দাম বাড়ানো হবে তা নিশ্চিত করেনি নেসলে সিইও। অবশ্য চলতি বছরে ৬-৮ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানিটির।
কয়েক দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতিতে এরই মধ্যে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমেছে। নেসলের আরেক দফা খাদ্যপণ্যের দাম বৃদ্ধির সিদ্ধান্তে আরো চাপে পড়বে তারা।
গত বছর নেসক্যাফে ইনস্ট্যান্ট কফি ও কিটক্যাট চকোলেট বারের দাম ৮ দশমিক ২ শতাংশ বাড়ানো হয়েছিল। কিন্তু উপকরণের দাম বৃদ্ধি সামলে মুনাফা করার জন্য যথেষ্ঠ ছিল না নেসলের জন্য।
স্নেইডার এক সংবাদ সম্মেলনে জানান, ২০২২ সালে নেসলের মোট আয় ২৬০ বেসিস পয়েন্ট কমেছে। বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি সত্ত্বেও এ পতন ঠেকানো যায়নি।
উল্লেখ্য, ২০২২ সালে নেসলের বিক্রি ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯ হাজার ৪৪০ কোটি সুইস ফ্রাঁ বা ১০ হাজার ২৩১ কোটি ডলারে দাঁড়িয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//



