ফ্রান্সের রেলওয়ে

রেল যোগাযোগ খাতে ১০ হাজার কোটি ইউরো বিনিয়োগ করবে ফ্রান্স

ডেস্ক রিপোর্ট: রেল খাতে বিনিয়োগ বাড়াতে চায় ফ্রান্স। আগামী ২০৪০ সাল নাগাদ রেল যোগাযোগ খাতে ১০ হাজার কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। খবর: রয়টার্স।

প্রাথমিকভাবে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, এক্সপ্রেস কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে। এসব ট্রেন প্যারিসের আরইআর সিস্টেমের আদলে অন্য বড় শহরেও পরিচালনার ইচ্ছার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোরনে।

নতুন পরিকল্পনার ঘোষণার মধ্য দিয়ে প্যারিসের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের মধ্যকার বৈষম্য মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানির ব্যয় অনেক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পরিবহন ব্যয়ও বেড়ে গেছে। রেল নেটওয়ার্ক সম্প্রসারিত হলে তার সুবিধাভোগী হবে এসব সাধারণ মানুষই।

প্রধানমন্ত্রী বলেন, ‘‌যথাসময়ে প্রয়োজন অনুযায়ী যানবাহন না পাওয়া গেলে তার জন্য চাকরির ইন্টারভিউয়ে পৌঁছতে দেরি হতে পারে, কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে আবার কেউ হয়তো খুব প্রিয় কাউকে দেখার সুযোগ নাও পেতে পারে। সেজন্য ফ্রান্স জাতীয় রেল অপারেটর এসএনসিএফ, ইউরোপীয় ইউনিয়ন ও স্থানীয় সরকারের সঙ্গে মিলে একটি বিনিয়োগ পরিকল্পনা করেছে।

এর আগে গত নভেম্বরে প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো বলেছিলেন, তিনি ফ্রান্সে আঞ্চলিক রেল যোগাযোগের উন্নয়ন দেখতে চান। আরো অন্তত ১০টি বড় শহরে উন্নত রেল যোগোযোগ ব্যবস্থা করতে চান। তবে কীভাবে এ নেটওয়ার্ক সম্প্রসারণের অর্থ আসবে বা কবে নাগাদ এর কাজ শুরু হবে সে সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি।

সহজলভ্য যোগাযোগ ব্যবস্থার সুযোগ করে দেয়া ফ্রান্সের জন্য একটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। এর আগে মাঁখোর প্রথম মেয়াদে, জ্বালানির উচ্চ দামের কারণে তাকে গণবিক্ষোভের মুখে পড়তে হয়। ফলে এবার জনগণকে স্বস্তি দিতে রেল যোগাযোগ খাত প্রসারিত করতে নানা পরিকল্পনা করছে সরকার।

উল্লেখ্য, রাষ্ট্র নিয়ন্ত্রিত রেল অপারেটর এসএনসিএফ গত বছর রাজস্ব আয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছে। গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ৪ হাজার ১৩৫ কোটি ইউরো আয় করেছে এসএনসিএফ, যা ২০২১ সালের চেয়ে ১৯ শতাংশ বেশি। এ সময় সংস্থাটির নিট মুনাফা ২৪০ কোটি ইউরো।

এসএনসিএফ গ্রুপের প্রধান জিন পিয়েরে ফারাদ্যু বলেন, ‘‌গত বছর রেল খাতে যে বিনিয়োগ করা হযেছিল তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষ অবস্থান অর্জন করতে চাইলে রেল যোগাযোগ খাতে অন্তত ১০ হাজার কোটি ইউরো বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমে ট্রেনের পরিমাণ ও এ পথ ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)