আদানি গ্রুপে ১৮৭ কোটি ডলার বিনিয়োগ করছে জিকিউজি
ডেস্ক রিপোর্ট: মার্কিন একটি কোম্পানির কাছ থেকে ১৮৭ কোটি ডলার বিনিয়োগ পাচ্ছে আদানি গ্রুপ। সম্প্রতি বাণিজ্যিক বিপর্যয়ের মুখে পড়া গ্রুপটির চার কোম্পানির শেয়ার কিনেছে ফ্লোরিডাভিত্তিক জিকিউজি। খবর: বিবিসি।
সম্প্রতি হিনডেনবার্গ রিসার্চ সেন্টার প্রকাশিত শেয়ারবাজার জালিয়াতির অভিযোগের পর আদানি গ্রুপের পাওয়া এটিই সবচেয়ে বড় বিনিয়োগ। আদানি গ্রুপ ও মার্কিন প্রাইভেট ইক্যুইটি ফার্মের মধ্যে এ লেনদেন সম্পন্ন করেছে জেফারিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তবে লোকসানের মুখে থাকা গ্রুপটিতে এত বড় অংকের বিনিয়োগকে জুয়া হিসিবে দেখছেন অনেকেই।
প্রসঙ্গত, ২৪ জানুয়ারি হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আদানির সাতটি কোম্পানির বাজার মূলধন অন্তত ১৩ হাজার ৫০০ কোটি ডলার কমেছে।
আদানি গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা জুগেসিন্দর সিং বলছেন, ‘এ বিনিয়োগের ফলে জিকিউজি ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন ও বৃদ্ধিতে মূল বিনিয়োগকারী হয়ে উঠল।’
আদানি গ্রুপের বর্তমান অবস্থা যাই হোক, বিনিয়োগকারী প্রতিষ্ঠান জিকিউজির চেয়ারম্যান রাজিব জৈন বলছেন, ‘কোম্পানিগুলো দীর্ঘমেয়াদে ভালো করবে। এমনকি আদানিকে এ প্রজন্মের অন্যতম সেরা উদ্যোক্তাও বলছেন রাজিব।’ তবে হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের বিষয়টি জানেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘খবরটি যথেষ্ট আস্থাভাজন নয়।’ তাছাড়া নিজেদের অবস্থান থেকে এ নিয়ে কোনো মন্তব্যও করতে চাননি তিনি।
বিনিয়োগবার্তা/এএএম//



