রাশিয়া আইএসের চেয়েও খারাপ

রাশিয়া আইএসের চেয়েও খারাপ: ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইউক্রেন। যুদ্ধবন্দি এক সেনাকে শিরচ্ছেদ করে নির্মমভাবে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটি এই মন্তব্য করল।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার প্রতিবেদনে বলা হয়, ওই ভিডিওতে দেখা গেছে ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তি হলুদ বাহুবন্ধনি পরা এক ব্যক্তির শিরশ্ছেদ করছেন। সাধারণত ইউক্রেনীয় সেনারা এই বাহুবন্ধনি ব্যবহার করেন। তবে এ ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি আল জাজিরা।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাশিয়াকে ইসলামিক স্টেটের সাথে তুলনা করে আন্তর্জাতিক অপরাধ আদালতকে এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে ইউক্রেন।

ক্রেমলিন ভিডিওটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করে বলেছে, এর সত্যতা যাচাই করা দরকার। মস্কো অতীতে অস্বীকার করেছে যে তার সেনারা সংঘাতের সময় নৃশংসতা চালায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিওবার্তায় বলেন, একটি বিষয় বিশ্বের কেউ উপেক্ষা করতে পারে না: এই জানোয়াররা কত সহজে হত্যা করে।

তিনি আরও বলেন, আমরা কিছুই ভুলতে যাচ্ছি না। আমরাও খুনিদের ক্ষমা করব না। সবকিছুর আইনি বিচার থাকবে। সন্ত্রাসের পরাজয় প্রয়োজন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ভিডিওটিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে উল্লেখ করে টুইটারে তিনি লিখেছেন, ‘আইএসআইএসের চেয়েও খারাপ রাশিয়া বর্তমানে ইউএনএসসিতে সভাপতিত্ব করছে। এটি অযৌক্তিক। রাশিয়ান সন্ত্রাসীদের অবশ্যই ইউক্রেন ও জাতিসংঘ থেকে বের করে দিতে হবে। তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।

বিনিয়োগবার্তা/টিআর//


Comment As:

Comment (0)