দক্ষিণ কোরিয়ার বিনোদন খাতে ২৫০ কোটি ডলার বিনিয়োগ করবে নেটফ্লিক্স
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার বিনোদন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ায় টেলিভিশন সিরিজ, সিনেমা নির্মাণে প্রায় ২৫০ কোটি ডলার ব্যয় করবে। এর মেয়াদ হবে চার বছর। নেটফ্লিক্স ইনকরপোরেটেড থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এ অর্থ মূলত ২০১৬ সাল থেকে তাদের বিনিয়োগের দ্বিগুণ। নেটফ্লিক্সের সিইও টেড সারান্দোস ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সাক্ষাতের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। ইউন সুক ইওল ছয়দিনের সফরে ওয়াশিংটন গেলে সেখানে এ সাক্ষাৎ হয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওল এ বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। গত কয়েক বছরে দক্ষিণ কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রির দারুণ বিকাশ হয়েছে। কোরিয়ান ওয়েভ প্রভাবিত করেছে পুরো বিশ্বকে। ফলে নেটফ্লিক্স সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে। বিটিএস, ব্ল্যাক পিংকের বাইরে তারা আরো নানা কনটেন্ট তৈরি করে বিশ্বে প্রচার করতে চায়। ২০২১ সালে মিউজিক ভিডিও, ভিডিও গেমস ও সিনেমা মিলিয়ে কোরিয়ার বাইরে থেকে আয় হয়েছিল প্রায় ১ হাজার ২৪০ কোটি ডলার।
দক্ষিণ কোরিয়ায় কনটেন্ট নির্মাণে বিনিয়োগ প্রসঙ্গে সারান্দোস বলেন, ‘আমাদের বিশ্বাস কোরিয়ার বিনোদন ইন্ডাস্ট্রি থেকে দারুণ সব গল্প পাওয়া যাবে। সে কারণেই এ বিনিয়োগ করার চিন্তা করেছি।’ সারান্দোস মূলত স্কুইড গেম, দ্য গ্লোরি, ফিজিক্যাল হানড্রেড প্রভৃতি কনটেন্টের সাফল্যের কারণে এ কথা বলেছেন। এর মধ্যে স্কুইড গেম ২০২১ সালে মুক্তি পায় ও নেটফ্লিক্সের অন্যতম সফল সিরিজে পরিণত হয়েছে। কেবল স্কুইড গেম ২৮ দিনে দেখা হয়েছিল ১৬৫ কোটি ঘণ্টা।
নেটফ্লিক্স এর আগে দক্ষিণ কোরিয়ায় যা বিনিয়োগ করেছিল সেখান থেকে ভালো মুনাফা পেয়েছে। ফলে তাদের নতুন বিনিয়োগে থাকছে আত্মবিশ্বাস। কোন ধরনের কনটেন্টের প্রতি জোর দেবে, তা নিয়ে নেটফ্লিক্স এখনো কিছু জানায়নি। তবে খুব দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: রয়টার্স।
বিনিয়োগবার্তা/এসএএম//



