মোখার আঘাতে লণ্ডভণ্ড মিয়ানমারের রাখাইন, ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় মোখার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইন। রোববার রাজ্যটিতে মোখা আঘাত হানলে পাঁচ জনের মৃত্যু হয়। ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। রাস্তার ওপর ভেঙে পড়েছে গাছ।
মিয়ানমারে ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৯ কিলোমিটার। একে ক্যাটাগরি ফাইভ মাত্রার হারিকেনের সাথে তুলনা করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
হতাহতদের চিকিৎসা ও মানবিক সহায়তায় দ্রুত প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার রেড ক্রস সোসাইটি। ঝড়ের কারণে রাখাইনের সিতওয়ে শহরে বিচ্ছিন্ন হয়েছে ইন্টারনেট সংযোগ। শহরটির কিছু অংশে বন্যা দেখা দিয়েছে।
এ ছাড়া মোখার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি শহর। এক দশকেরও বেশি সময়ের মধ্যে মোখা মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়।
বিনিয়োগবার্তা/এমআর//



