দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় ইউএই-যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক: দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে চায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাজ্য। এ নিয়ে উভয় দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনে আয়োজিত বৈঠকে অংশগ্রহণ করেছেন ইউএইর পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী জেমস ক্লেভারলি।
উভয় দেশের মধ্যে বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয়েছে, যখন দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ৯ হাজার ৯৩০ কোটি দিরহাম বা ২ হাজার ৭০০ কোটি ডলার স্পর্শ করেছে। খবর দ্য ন্যাশনাল।
২০২১ সালের সেপ্টেম্বরে ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের যুক্তরাজ্য সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপ গতি পায়। ওই সফরের সময় উভয় পক্ষ ‘পার্টনারশিপ ফর দ্য ফিউচার’ নামক একটি রোডম্যাপে সই করে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের রূপরেখা প্রণয়ন করা হয়।
গতকাল লন্ডনে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন দুই দেশের নীতিনির্ধারকরা।
বিনিয়োগবার্তা/এমআর//



