বাণিজ্য 0

৫০০ কোটি ডলার ছাড়িয়েছে ইরান-চীন বাণিজ্য 

আন্তর্জাতিক ডেস্ক: বছরের প্রথম চার মাসে রেকর্ড দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ইরান ও চীনের। চীনের কাস্টমস অফিস সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি-এপ্রিলে ইরান ও চীনের মধ্যকার বাণিজ্য বিনিময় দাঁড়িয়েছে ৫০০ কোটি ডলারেরও বেশি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনা কাস্টম অফিস তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, ২০২৩ সালের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত ইরানের সঙ্গে চীনের বাণিজ্য ৫২৩ কোটি ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি। এ সময়ের মধ্যে ইরানে চীনের পণ্য রফতানি বছরওয়ারি ৪৬ শতাংশ বেড়েছে। এদিকে ২০২৩ সালের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত ইরান থেকে চীনের পণ্য আমদানি ১৫২ কোটি ডলারে পৌঁছেছে, যা এক বছর আগের তুলনায় ৩৯ শতাংশ কমার ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে যোগ করা হয়েছে, জানুয়ারি-এপ্রিল ২০২২ পর্যন্ত ইরান থেকে চীন ২৪৯ কোটি ডলারের সমমূল্যের পণ্য আমদানি করেছে। চলতি বছরের প্রথম চার মাসে ইরান থেকে চীনের আমদানি ৩৯ শতাংশ কমলেও এ সময়ে ইরানে রফতানীকৃত চীনা পণ্য ৪৬ শতাংশ বেড়ে ৩৭১ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া ২০২২ সালের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত চীন ২৫৩ কোটি ডলারের পণ্য ইরানে রফতানি করেছে।

গত বছর চীনের মোট বৈশ্বিক বাণিজ্যের শূন্য দশমিক ২৫ শতাংশ ছিল ইরানের। ২০২২ সালে বিশ্বের সঙ্গে চীনের বাণিজ্য ৬ দশমিক ৩০৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। যার মধ্যে ৩ দশমিক ৫৯৩ ট্রিলিয়ন ডলার রফতানি ও ২ দশমিক ৭১৫ ট্রিলিয়ন ডলার আমদানির সঙ্গে সম্পর্কিত। এ সময়ে চীনের বৈশ্বিক বাণিজ্য ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। চীন ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে একটি।

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। 

ইরান ও চীন ২০২১ সালের মার্চে ২৫ বছরের ব্যাপক বাণিজ্য সহযোগিতাবিষয়ক চুক্তি সই করেছে।

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর প্রতিনিধিত্বে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই চুক্তিটি সম্পাদন হয়। ২০২২ সালের ডিসেম্বরে ইরান ও চীন দুই দেশের কৌশলগত ২৫ বছরের চুক্তির আওতায় ১৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত করে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)