রেকর্ড উচ্চতায় সৌদি আরবের বিনিয়োগ তহবিল
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের বিনিয়োগ তহবিল সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। সম্প্রতি আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করে বলা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ তহবিলের সংখ্যা বছরওয়ারি ৩৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ সৌদি আরবে এখন ১ হাজার ৭৬টি অর্থ তহবিল রয়েছে। বছরের প্রথম প্রান্তিকে সরকারি ও বেসরকারি তহবিলের সংখ্যা যথাক্রমে ২৬০ ও ৮১৬, যা এক বছর আগে একই সময়ের মধ্যে যথাক্রমে ২৫৩ ও ৫৪২ ছিল।
তহবিল সুরক্ষিত করা সৌদি আরবের ভিশন ২০৩০ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। সৌদির শক্তিশালী বিনিয়োগ ক্ষমতা দেশটির অর্থনীতিকে উদ্দীপিত করতে ও রাজস্বে বৈচিত্র্য আনতে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সরকারি ও বেসরকারি বিনিয়োগ তহবিলে গ্রাহকের সংখ্যা ৫৩ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে ৭ লাখ ৯২ হাজার ৮২৪ জনে পৌঁছেছে, যা এক বছর আগে ছিল ৫ লক্ষ ১৭ হাজার ৩৪৬ জন। এদিকে তাদাউল নামে পরিচিত সৌদির প্রধান স্টক মার্কেটে তালিকাভুক্ত সংস্থার সংখ্যা মার্চ ২০২৩ সালের শেষ নাগাদ ২২৪-এ পৌঁছেছে, যা এক বছর আগের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। নমু নামে পরিচিত সৌদির অনানুষ্ঠানিক স্টক মার্কেটে ২০২২-এর প্রথম প্রান্তিকে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ২৫। এ বছরের প্রথম প্রান্তিকে ১১৬ শতাংশ বেড়ে তা এখন ৫৪। স্টক মার্কেটে বিনিয়োগের জন্য যোগ্য বিদেশী বিনিয়োগকারীদের মালিকানা মূল্য ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ১ শতাংশ বেড়ে ২৭ হাজার ৩৫৪ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে বলে প্রকাশ হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



