সীমান্তে বিপুল সামরিক সরঞ্জাম মজুদ করছে চীন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : চীনা সেনাবাহিনীর মুখপত্র পিএলএ ডেইলি এক প্রতিবেদনে জানায়, তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার সামরিক সরঞ্জাম মজুদ করছে চীনা সেনাবাহিনী। দোকলাম এলাকার সিকিম সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের পর থেকে তিব্বতের ওই অঞ্চলে সামরিক সরঞ্জাম নেয়া হচ্ছে।

এতে বলা হয়েছে, উত্তর তিব্বতের দক্ষিণাঞ্চলের কুনলুন পর্বতের দিকে বিশাল সামরিক সরঞ্জাম নিয়ে গেছে সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের সদস্যরা।

জিনজিয়াং এবং তিব্বতের তত্ত্বাবধান ও ভারত সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ওয়েস্টার্ন থিয়েটার।

পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মুখপত্র পিএলএ ডেইলি বলেছে, গত মাসের শেষ দিক থেকে সীমান্তে সামরিক সরঞ্জামের সমাবেশ ঘটানো হচ্ছে। পুরো সীমান্ত অঞ্চলে রেল ও সড়কপথে একযোগে এসব সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে।

তবে সামরিক সরঞ্জাম সমাবেশের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

চলতি সপ্তাহের শুরুর দিকে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে তিব্বত অঞ্চলে পিপল লিবারেশন আর্মির ব্যাপক সামরিক অনুশীলনের সরাসরি সম্প্রচার করা হয়।

প্রায় এক মাস ধরে সিকিমে সীমান্ত বিরোধ নিয়ে ভারত-চীনের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্ত বিরোধ নিয়ে ভারতের সঙ্গে ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে বলে বেইজিংয়ে বিদেশি কূটনীতিকদের জানিয়ে দিয়েছে চীন।

দুই দেশের সীমান্তে অতিরিক্ত সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে।

(এম আর / ১৯ জুলাই, ২০১৭)

 


Comment As:

Comment (0)