হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের পদত্যাগ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : হোয়াইট হাউজের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন নতুন কমিউনিকেশন ডিরেক্টর নিয়োগ দেওয়ার পর পরই পদত্যাগ করেন স্পাইসার।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর ব্যবসায়ী স্কারামুচিকে নিয়োগ দেন প্রসিডেন্ট ট্রাম্প। এই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় পদত্যাগ করেন স্পাইসার।
গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র হিসেবে শন স্পাইসারকে নিয়োগ দেওয়া হয়।
এরপর থেকে নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। বিশেষ করে, সংবাদ সম্মেলনগুলোতে সাংবাদিকদের উদ্দেশ্যে তার বাক্যবাণ নিয়ে বার বার সমালোচনার মুখে পড়েছেন শন স্পাইসার।
রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্তের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ছেলের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। ঠিক এমন সময়ে পদত্যাগ করেছেন তার প্রেস সেক্রেটারি স্পাইসার।
পদত্যাগপত্র গ্রহণ করে হোয়াইট হাউজে কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিবিসি জানিয়েছে এর কয়েক ঘণ্টা আগেই ডোনাল্ড ট্রাম্পকে আইনি সহায়তা দেয় এমন একটি দলের মুখপাত্র পদত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর থেকেই একের পর এক সমালোচনার মুখে পড়ছেন ট্রাম্প। ক্ষমতা নেওয়ার পর থেকই পদত্যাগ করছেন তার প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
(এম আর / ২২ জুলাই, ২০১৭)



