গরিবদের বিনা মূল্যে বিদ্যুৎ-সংযোগের ঘোষণা মোদির

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির গরিবদের মধ্যে বিনা মূল্যে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই লক্ষ্যে ‘সৌভাগ্য স্কিম’ নামে একটি প্রকল্পের উদ্বোধনও করেছেন তিনি। গতকাল বিজেপির এক সভায় নরেন্দ্র মোদি এই সৌভাগ্য স্কিমের উদ্বোধন ঘোষণা করেন।

১৬ হাজার ৩২০ কোটি রুপির এই স্কিমের আওতায় ২০১৮ সালের মধ্যে দরিদ্র পরিবারের মধ্যে বিনা মূল্যে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।

এ ছাড়া যারা দরিদ্র নয়, তারাও এই স্কিমের আওতায় ৫০০ রুপি দিয়ে বিদ্যুৎ-সংযোগ নিতে পারবে। বাকি অর্থ ১০ কিস্তিতে পরিশোধের সুযোগ পাবে তারা।

খবরে আরও বলা হয়েছে, ভারতে প্রায় ২৫ কোটি বাড়ি রয়েছে। এর মধ্যে চার কোটি বাড়িতে এখনও বিদ্যুৎ-সংযোগ পৌঁছায়নি। তবে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সব বাড়িতেই বিদ্যুৎ-সংযোগ দিতে চায় মোদি সরকার।

এ সময় মোদি বলেন, নতুন ভারতে প্রতিটি গ্রামই যে বিদ্যুতের আওতায় আসবে তাই নয়, প্রতিটি বাড়িই বিদ্যুতের আওতায় আসবে।

তিনি বলেন, বিদ্যুৎ-সংযোগ নেওয়ার জন্য দরিদ্র মানুষকে আর কোনো অর্থ দিতে হবে না। এখন থেকে অর্থ ছাড়াই তারা বিদ্যুৎ-সংযোগ পাবেন। সরকার দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ-সংযোগ দেবে।

সূত্র : নডিটিভি অনলাইন

(দীপ্ত/২৬ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)