৭ লাখ রোহিঙ্গা আসলেও খাদ্যের জোগান দেবে জাতিসংঘ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : মিয়ানমার থেকে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে আসলেও খাদ্যের জোগান ও সহায়তা দেবে জাতিসংঘ এবং এ বিষয়ে একটি পরিকল্পনাও করেছে জাতিসংঘ।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পদস্থ এক কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহগুলোয় বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর ঢল অব্যাহত থাকলেও জাতিসংঘ বিপুল সংখ্যক মানুষের খাদ্যসংস্থানে প্রস্তুত রয়েছে।
বাংলাদেশে ডব্লিউএফপি উপপ্রধানের দায়িত্বে থাকা দীপায়ন ভট্টাচার্য্য বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাংলাদেশে এ দফায় যদি সাত লাখ রোহিঙ্গা শরণার্থীও আসে, তাদের সবার জন্য খাদ্য ও জরুরি সহায়তা নিশ্চিত করা হবে।
এজন্য জাতিসংঘের সব সংস্থা মিলে একটি পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনায় আগে থেকে বাংলাদেশে অবস্থান করা তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবিক সহায়তা থেকে কেউই বাদ পড়বে না। তবে এজন্য ডব্লিউএফপির ৮ কোটি ডলারের তহবিল প্রয়োজন বলেও জানান তিনি।
কয়েক দশক ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করে আসছেন। তবে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে গত ২৫ আগস্টের পর থেকে রোহিঙ্গাদের সবচেয়ে বড় ঢল নামে কক্সবাজারে।
সে দিনের পর থেকে এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।সূত্র: এএফপি
(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)



