আবারও ব্যর্থ ওবামাকেয়ার বাতিলের চেষ্টা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা :  যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্যরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা স্বাস্থ্যসেবা বিল বাতিল করে নতুন একটি বিল পাসের চেষ্টায় আবারও ব্যর্থ হয়েছেন।

প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারায় মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যসেবা বিলটি পাসের চেষ্টায় আবারও ব্যর্থ হয়েছেন রিপাবলিকান সিনেটররা।

চার রিপাবলিকান সিনেটর নতুন এই বিল তুলেছিলেন। বিলটি নিয়ে তাঁরা ফের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। কিন্তু বিশেষ আইনের অধীনে কেবল রিপাবলিকানদের সমর্থন নিয়ে বিলটি পাসে তাদের হাতে রোববার পর্যন্ত সময় আছে।

বিশেষ আইনের অধীনে চলতি অর্থবছরের মধ্যে সিনেটে বিল পাসের ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেই চলবে। রোববারের পর একই বিল পাস করতে ন্যূনতম ৬০ জন সিনেটরের সমর্থন লাগবে। ওবামাকেয়ার বাতিলে তখন রিপাবলিকান সিনেটরদের পাশাপাশি কয়েকজন ডেমোক্র্যাট সিনেটরকেও পাশে পেতে হবে।

রক্ষণশীল রিপাবলিকান সিনেটর রেন্ড পলও নতুন বিলের বিরোধিতা করেছেন। ‘সত্যিকার অর্থে আমরা সময় সংকটে ভুগছি’, বলেন সিনেটর রন জনসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কিছুসংখ্যক তথাকথিত রিপাবলিকানের’ কারণে নতুন স্বাস্থ্যসেবা বিল পাসে হতাশার কথা জানালেও বলেছেন, ওবামাকেয়ার বাতিলের আশা তিনি ছাড়ছেন না। সূত্র : রয়টার্স।

(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)