আজ জাতিসংঘ দিবস
বিনিয়োগবার্তা ডেস্ক: ৭২তম জাতিসংঘ দিবস আজ (২৪ অক্টোবর)। বাংলাদেশসহ বিশ্বের জাতিসংঘভূক্ত দেশগুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।
১৯৪৫ সালের এই দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সংস্থাটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। লিগ অব নেশনস বিলুপ্ত হয়ে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার এই আন্তঃরাষ্ট্রীয় সংস্থাটি গঠন করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর প্রায় চার বছরের চেষ্টা ও ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে ৪৬টি সদস্য দেশ জাতিসংঘ সনদকে অনুসমর্থন দেয়। সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
সচরাচরভাবে জাতিসংঘ দিবসে বিভিন্ন ধরণের সভা-সমাবেশ, আলোচনা-অনুষ্ঠান এবং প্রদর্শনীর মাধ্যমে উদযাপিত হয়। মূলত দিবসটিতে জাতিসংঘের বৈশ্বিক অর্জন ও উদ্দেশ্যকে জনসমক্ষে তুলে ধরা হয়। ১৯৭১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষণা করে যে জাতিসংঘের সদস্যভূক্ত দেশসমূহে দিবসটিকে ছুটির দিন হিসেবে পালনের জন্য সুপারিশ করে।
১৯৪৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিগণ কালানুক্রমে সাংবাৎসরিকভাবে জাতিসংঘ দিবস উপলক্ষে ভাষণ দিয়ে আসছেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। বাংলাদেশের উন্নয়নেও জাতিসংঘ তার কার্যক্রম অব্যাহত রেখেছে। জাতিসংঘের বিভিন্ন মিশন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত আছে।
(এমআইআর/ ২৪ অক্টোবর ২০১৭)



