প্রেসিডেন্ট ট্রাম্প এখন দক্ষিণ কোরিয়ায়
বিনিয়োগবার্তা ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ দিনের এশিয়া সফরে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। খবর রয়টার্স।
দুই দিনের এ সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরিয়ান উপদ্বীপের উত্তেজনা নিরসনে মিত্র দেশগুলোর প্রতি আমেরিকার সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে সোমবার টোকিওতে এক যৌথ সংবাদ সম্মেলন করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদ সম্মেলনে জাপানি প্রধানমন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়া যে হুমকি দিচ্ছেন তা মোকাবেলায় জাপান এবং আমেরিকা সম্পূর্ণভাবে একসঙ্গে রয়েছে এবং এছাড়া পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য পথও খোলা রয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো আবে দোভাষীর সাহায্যে কথা বলেন। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ৩৫ জন উত্তর কোরীয় নাগরিক এবং দলগত সম্পদ জব্দ করার কথা ঘোষণা দেন।
ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার যে কোনো হুমকির বিরুদ্ধে আমেরিকা তার মিত্র জাপানের পাশে থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আমেরিকা প্রতিজ্ঞাবদ্ধ এবং তিনি জাপানের সঙ্গে অবাধ, মুক্ত এবং উভয় পক্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়তে চায়।
টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত ধৈর্য প্রদর্শনের সময় শেষ হয়েছে। সভ্য এক পৃথিবীর জন্য তাদের পরমাণু কর্মসূচি হুমকি স্বরূপ। প্রধানমন্ত্রী আবেও ঐ মন্তব্যের পুনরাবৃত্তি করেন এবং বলেন এই সমস্যা নিরসনে ওয়াশিংটনের নীতিকে জাপান সমর্থন করে।
(এমআইআর/ ০৭ নভেম্বর ২০১৭)



