ভারতে ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত না করার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : ভারতে কোনও রকম ইসলামিক ব্যাংক বা শরিয়া ব্যাংকিং পরিষেবা চালু না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। তথ্যের অধিকার সংক্রান্ত আইন বিষয়ক প্রশ্নের উত্তরে আরবিআই জানিয়েছে দেশের প্রত্যেক নাগরিককে ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সমানভাবে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

কারণ ইসলাম মতে, শরিয়া ব্যাংকিং পরিষেবার নীতি হল সুদ না দেওয়া। ইসলামিক বা সুদহীন ব্যাংকিং পরিষেবা দেশে চালুর ক্ষেত্রে বিস্তারিত বিবরণ আরবিআই-কে দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। আরবিআই গতবছর ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে একটি চিঠি দিয়ে জানিয়েছিল, ইসলামিক অর্থনীতির জটিলতার জন্য ভারতে ক্রমান্বয়ে এই পরিষেবা চালু করা উচিত। কারণ ভারতীয় ব্যাংকগুলির এসম্পর্কে কোনও অভিজ্ঞতা নেই।

তাছাড়া শরিয়া ব্যাংকিং পরিষেবার নির্দেশগুলি যাতে অন্য ব্যাংকিং পরিষেবার সঙ্গে মিশে না যায়, সেদিকেও লক্ষ্য রাখা জরুরি।

(এম আর / ১২ নভেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)