মরক্কোয় ত্রাণ বিতরণের সময় ভিড়ের চাপে কমপক্ষে ১৫ নারীর প্রাণহানি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মরক্কোর পশ্চিমাঞ্চলীয় ইসাউরা শহরের কাছে
গতকাল রোববার ত্রাণ বিতরণের সময় ভিড়ের চাপে কমপক্ষে ১৫ নারীর প্রাণহানি ও ১০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, উপকূলবর্তী পর্যটন নগরী ইসাউরা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সিদি বৌলালাম গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, কয়েকশ’ নারী সেখানকার গ্রামের একটি বাজারে ত্রাণ নিতে জড়ো হয়। ত্রাণ বিতরণের সময় তাদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হলে হতাহতের ঘটনাটি ঘটে। এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক বার্ষিক এ ত্রাণ বিতরণের আয়োজন করেন। তিনি বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কায় বসবাস করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘এ বছর প্রচুর লোক সেখানে ত্রাণ নিতে আসে।’

তিনি জানান, লোকজন বেষ্টনী ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এতে ভিড়ের চাপে ১৫ নারীর মৃত্যু ও ১০ জন আহত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

(এমআইআর/ ২০ নভেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)