আন্তর্জাতিক আদালতের বিচারপতি পুনর্নির্বাচিত হলেন ভারতের দলবীর ভাণ্ডারী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : আন্তর্জাতিক আদালতের বিচারপতি পদে পুনর্নির্বাচিত হলেন ভারতের দলবীর ভাণ্ডারী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১৯৩টির মধ্যে ১৮৩টি ভোট এবং নিরাপত্তা পরিষদের ১৫টি ভোটই পেয়েছেন তিনি। ৯ বছরের জন্য নির্বাচিত হলেন ভাণ্ডারী।
তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন এবং বিজেপি সভাপতি অমিত শাহ। শুভেচ্ছা জানিয়েছে গ্রেট ব্রিটেন। ভাণ্ডারীর সঙ্গেই বিদেশমন্ত্রী এবং তাঁর গোটা টিমকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। লিখেছেন, ‘দলবীর ভাণ্ডারীর পুনর্নির্বাচন আমাদের কাছে গর্বের মুহূর্ত। পুনর্নির্বাচনের জন্য বিদেশমন্ত্রকের গোটা টিম লাগাতার কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়ে গেছে।’ আস্থা বজায় রেখে ভারতকে সমর্থন করায় সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সুষমা স্বরাজ লিখেছেন,‘বন্দেমাতরম। আন্তর্জাতিক আদালতের বিচারপতি নির্বাচনে জয়ী ভারত। জয় হিন্দ।’ এই জয়কে ভারতের কূটনৈতিক সাফল্য, বলেছেন অমিত শাহ। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, হাওয়া ঘুরছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাব বাড়ছে। দলবীর ভাণ্ডারীর এই জয় বিশ্বের শক্তিধর দেশগুলির সামনে সেই বার্তাই তুলে ধরেছে।
আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা ১৫। তিন বছর অন্তর তাঁদের মধ্যে ৫ জনকে নির্বাচিত করা হয়। বিচারপতিদের কার্যকালের মেয়াদ ৯ বছর। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে বিচারপতি নির্বাচন হয়।
(এম আর / ২২ নভেম্বর, ২০১৭)



