ভারতের মসলা রফতানি বেড়েছে এক-চতুর্থাংশ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) ভারত থেকে সাড়ে পাঁচ লাখ টনের বেশি মসলাপণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ বেশি। এ সময় মসলাপণ্য রফতানি বাবদ দেশটির আয়ও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। ইন্ডিয়ান স্পাইসেস বোর্ডের (আইএসবি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইকোনমিক টাইমস ও বিজনেস স্ট্যান্ডার্ড।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে ভারত থেকে সবমিলে ৫ লাখ ৫৭ হাজার ৫২৫ টন মসলাপণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বা প্রায় এক-চতুর্থাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে ভারত থেকে মোট ৪ লাখ ৫০ হাজার ৭০০ টন মসলাপণ্য রফতানি হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে মসলাপণ্য রফতানি বেড়েছে ১ লাখ ৬ হাজার ৮২৫ টন।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মসলাপণ্য রফতানি বাবদ দেশটির আয় দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫০ কোটি ৫৩ লাখ রুপি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে মসলা রফতানি বাবদ ভারত মোট ৮ হাজার ৭০০ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মসলাপণ্য রফতানি বাবদ দেশটির আয় ১৫০ কোটি ৩৮ লাখ রুপি বেড়েছে।
আইএসবির চেয়ারম্যান এ জয়তিলক বলেন, ভারত থেকে মসলাপণ্যের রফতানি বৃদ্ধিতে আইএসবি নানা উদ্যোগ নিয়েছে। বর্তমানে এসব উদ্যোগের সফলতা দৃশ্যমান হতে শুরু করেছে। ২০১৭-১৮ অর্থবছরের প্রথমার্ধে ভারত থেকে আন্তর্জাতিক বাজারে মসলাপণ্যের মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয়েছে শুকনা মরিচ, হলুদ, জিরা, এলাচ, পুদিনা ও রসুন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে ভারত থেকে ২ লাখ ৩৫ হাজার টন শুকনা মরিচ রফতানি হয়েছে। এ বাবদ দেশটি আয় করেছে ২ হাজার ১২৫ কোটি ৯০ লাখ রুপি। চলতি অর্থবছরের প্রথমার্ধে ভারত থেকে জিরা রফতানির পরিমাণ ছিল ৭৯ হাজার ৪৬০ টন। পণ্যটির রফতানি বাবদ ভারতের আয় হয়েছে ১ হাজার ৩২৪ কোটি ৫৮ লাখ রুপি। এ সময় ভারত থেকে সবমিলে ৫৯ হাজার টন হলুদ রফতানি হয়েছে। এ বাবদ দেশটি আয় করেছে ৫৪৭ কোটি ৬৩ লাখ রুপি।
ভারতের বাজার থেকে সবচেয়ে বেশি রফতানি হওয়া মসলাপণ্যের তালিকায় এর পরই রয়েছে পুদিনার অবস্থান। ২০১৭-১৮ অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে দেশটি থেকে ১১ হাজার ২৮০ টন পুদিনা রফতানি হয়েছে। পণ্যটির রফতানি বাবদ মোট ১ হাজার ৩১৭ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে ভারত সরকার।
(এএইচএন/ ১৪ জানুয়ারি, ২০১৮)



