আর্ন্তজাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার রায়ের খবর

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের মামলার রায় ঘোষণার পরপরই তা আর্ন্তজাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া ৫ বছরের কারাদণ্ডের রায় বিভিন্ন দেশের গণমাধ্যমগুলো ব্রেকিং নিউজ আকারে প্রচার করেছে।

আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রকাশিত রায়ের সংবাদের প্রায় প্রতিটির শিরোনামে খালেদা জিয়াকে ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী’ উল্লেখ করা হয়েছে।  এ নিয়ে বাংলাদেশে অস্থিরতা শুরু হয়েছে ও বিএনপির নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে বলেও প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, দুর্নীতির মামলায় বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার আদালত খালেদাকে ওই সাজা দিয়েছেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় খালেদার হাজার হাজার সমর্থককে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের আন্তর্জাতিক সহায়তা আত্মসাতের অভিযোগ উঠলেও ৭২ বছর বয়সী খালেদা তা অস্বীকার করেছেন। বেগম খালেদা জিয়ার সমর্থকরা এই রায়কে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন।

বিবিসি বলছে, দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বিরুদ্ধে আরো এক ডজনের বেশি মামলা ঝুলে রয়েছে।

তবে দুর্নীতির একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ১০ বছরের দণ্ড দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার রায় ঘিরে বাংলাদেশে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।

ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিরোধীদলীয় কর্মী-সমর্থকরা।

ভারতীয় সরকারি বার্তাসংস্থা পিটিআই বলছে, বৃহস্পতিবার বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রী ও দুই বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় তিনি এ দণ্ড পেয়েছেন। একই মামলায় খালেদার ছেলে তারেক রহমান ও আরো অন্য চার আসামিকে ১০ বছরের দণ্ড দেয়া হয়েছে।

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, পাকিস্তানি দৈনিক ডন, ডেইলি পাকিস্তান, মার্কিন সংবাদসংস্থা এপি, সিএনএন, দৈনিক ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্ক টাইমস, বিট্রিশ দৈনিক দ্য গার্ডিয়ান, মধ্যপ্রাচ্যের দৈনিক গালফ নিউজ, সহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে খালেদার দণ্ডের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।

(এসএএম/ ০৮ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)