পৃথিবী ধ্বংস করে দেবো : পুতিন

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকাঃ  পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, যদি রাশিয়ার দিকে কেউ পারমাণবিক অস্ত্র ছোড়ে তবে তবে পৃথিবীর বিনাশ হয়ে যাবে। রাশিয়ার ছোড়া পারমাণবিক অস্ত্রের আঘাতে মুছে যাবে সবকিছু। রাশিয়া-ই যদি টিকে না থাকে তাহলে পৃথিবী টিকে থাকার দরকার কি? রুশ প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে একটি টিভি ডকুমেন্টরিতে এই হুক্কার দিয়েছেন পুতিন।

তবে নিজে থেকে পরমাণু হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পুতিন। কেউ হামলা করলে পাল্টা জবাব হিসেবেই পারমাণবিক হামলার অপশন বেছে নেবেন তিনি। পুতিন সাফ জানিয়ে দিয়েছেন, যদি পারমাণবিক অস্ত্রের আঘাত লাগে রাশিয়ার বুকে, যদি রাশিয়াকে মুছে দেয়ার চেষ্টা করা হয়, সেদিন পৃথিবী টিকে থাকার কোনো অর্থই থাকবে না। টেলিভিশনের এক প্রামাণ্যচিত্রে তিনি বলেছেন, আমি যা বলছি এটা আপনাদের জন্য এবং সারা বিশ্বের জন্য। তিনি বলেন, আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আমি মনে করি তা কখনো ব্যবহারের প্রয়োজন হবে না। তথাকথিত প্রতিশোধ বা পাল্টা হামলায় এগুলো ব্যবহারের তাত্ত্বিক পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি আরো বলেন, একে বলা হয় প্রতিশোধ বা পাল্টা হামলা। যখনই আমরা আইনগত সাড়া পাবো তখনই এ প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, হ্যাঁ, এটা হবে বিশ্বজুড়ে মানবজাতির জন্য এক ভয়াবহ বিপর্যয়। এটা হবে বিশ্বের জন্য এক ভয়াবহ বিনাশ। রাশিয়ার একজন নাগরিক হয়ে, রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে আমি জানতে চাই রাশিয়ার অস্তিত্ব ছাড়া কোনো বিশ্ব টিকে থাকার প্রয়োজন আছে কি?

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের গত কয়েক সপ্তাহজুড়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পুতিন। তিনি যে দলীয় কর্মীদের প্রতি কতটা আন্তরিক সেটির প্রমাণ পাওয়া গেছে প্রচারের সময়ে সময় এক ভক্তকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার দৃশ্যে।

(এস কে দাস/০৮ মার্চ২০১৮)

 

 


Comment As:

Comment (0)