২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা ওয়াশিংটনের
বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাওসার ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছেন।
গত সোমবার বাংলাদেশ নানা আয়োজনে তার ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করে।
১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছিল। বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতির দিন।
বুধবার রাতে ওয়াশিংটন ডিসির মেয়রের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের কাছে এই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পরে বাংলাদেশ দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এইদিনে দেশ স্বাধীন করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বাংলাদেশের মানুষ।
এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইতোমধ্যে বাংলাদেশকে গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী এবং মধ্যপন্থী জাতির দেশ হিসেবে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দেশটির বেশ গুরুত্বের সঙ্গেই দেখে।
বাংলাদেশি দূতাবাস এবং দেশটির মানুষের অবদানের কথা উল্লেখ করে মেয়র তাদের স্বাগত জানান।
একই সঙ্গে এই বিশেষ দিনটিকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেন তিনি, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য সম্মানজনক ও গৌরবময়।
(এমআইআর/ ২৯ মার্চ ২০১৮)



