পবিত্র বায়তুল মুকাদ্দাসে ঢুকে পড়ছে ইহুদিরা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারী অস্ত্রসজ্জিত ইসরায়েলি বিশেষ বাহিনীর সেনাদের নিরাপত্তা প্রহরায় জেরুসালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে (বায়তুল মুকাদ্দাস) ঢুকে পড়েছে শত শত ইহুদি। পাসওভার ডে উদযাপন করতে গত রোববার থেকে এই অনুপ্রবেশ শুরু হলেও বৃহস্পতিবার ভোরে সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে নিয়ে ইসরাইলি সেনারা আল আকসায় ঢুকে পড়েন।
মুসলিম উম্মাহর প্রথম কিবলায় ইহুদি অনুপ্রবেশ বন্ধে প্রধান সড়কে ফিলিস্তিনি তরুণরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালালে ইসরাইলি সেনারা কাঁদানে গ্যাস, রবার বুলেট ও তাজা গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানিয়েছে আল-জাজিরা।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, বৃহস্পতিবার ভোরে অন্তত ৫০০ অবৈধ দখলদার মসজিদের ভেতরে অনুপ্রবেশ করে। এরপর তারা কুব্বত আসসাখরার পাশে ইহুদি ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।
ফিলিস্তিনের রিলিজিয়াস এন্ডৌমেন্টস অথরিটির মুখপাত্র ফিরাস আল দিব জানান, বৃহস্পতিবার আল-কুদসের (জেরুসালেম) অন্তত ৪৯১ অবৈধ বসতিস্থাপনকারী ইহুদি ও ভারী অস্ত্র সজ্জিত ইসরায়েলের বিশেষ বাহিনীর ১৩ কর্মকর্তা বায়তুল মসজিদের ভেতরে ঢুকে পড়েন। এ নিয়ে গত রোববার থেকে এ পর্যন্ত এক হাজার ৭৩১ জন দখলদার ইহুদি অবৈধভাবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন।
ইসরায়েলিদের দাবি, ওই পবিত্র স্থানে ইহুদিদের ধর্মীয় নেতা ইউজারসিফকে (ইংরেজি- জোসেফ) কবর দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী, জোসেফ হলেন হযরত ইউসুফ (আ), যিনি মুসলমানদের কাছে তিনি একজন সম্মানিত নবী।
তবে ফিলিস্তিনিরা জানিয়েছেন, যিওনবাদী ইহুদিরা আসলে মুসলিম নেতা শেখ ইউসুফ দায়িকতের কবরকে ইউসুফ নবীর কবর দাবি করেছেন। আর এর নেপথ্যে রয়েছে আল-আকসার ওপর তাদের ভুয়া অধিকার প্রতিষ্ঠার মতলব।
তাদের এই অনুপ্রবেশে ফিলিস্তিনিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের আশঙ্কা, কট্টরপন্থী ইহুদিরা মসজিদুল আকসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারেন। কারণ ইসরায়েলের সাথে সৌদি আরবের সাম্প্রতিক ঘনিষ্টতার কয়েকটি সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়া এবং গাজায় ইসরায়েলি স্নাইপারদের গুলি চালানোর পর এবার দখলদারিতে সরাসরি নামলো অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা।
(এম এস/ ০৬ এপ্রিল ২০১৮)



