পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে আরিফ আলভির জয়
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন আরিফ আলভি। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদ, সিনেট এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে তিনি প্রেসিডেন্ট হিসেবে জয়ী হন।
পাকিস্তান পিপলস পার্টির আইজাজ আহসান এবং পাকিস্তান মুসলিম লিগ-এন’র প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করেন তিনি। আরফি আলভি দেশটির ১৩তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। বুধবার পাকিস্তানের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে।
বেসকারি ফলাফল অনুযায়ী, জাতীয় পরিষদ ও সিনেটের ৪৩০ ভোটের মধ্যে আলভি পেয়েছেন ২১২ ভোট। রেহমান ১৩১ এবং আহসান ৮১ ভোট পেয়েছেন। ছয়টি ভোট বাতিল হয়েছে।
পেশায় দন্ত বিশেষজ্ঞ ৬৯ বছর বয়সী আলভি পিটিআই-এর একজন প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
২৫ জুলাইয়ের পার্লামেন্ট নির্বাচনে তিনি করাচির একটি আসন থেকে জয়লাভ করেন। তিনি ২০১৩ সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পরিষদের সদস্য হয়েছিলেন।
প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাকালীন সদস্য আরিফ আলভি। চলতি মাসের ৮ তারিখে বর্তমান প্রেসিডেন্ট মামনুন হুসাইনের মেয়াদ শেষ হচ্ছে।
সূত্র: ডন ও এনডিটিভি
(জেএইচ/১ অক্টোবর ২০১৮)



