বাংলাদেশে চালু হতে যাচ্ছে আরও ৬ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শিগগীরই বাংলাদেশে আরও ৬টি ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত।

বুধবার (২ জানুয়ারি)এক  সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন এ তথ্য জানায়।

এতে জানানো হয়, আগামী ৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়ায় এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে ভারতীয় হাই কমিশন।

প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে এসব ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে ৯টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে। এই ছয়টি নতুন আবেদন কেন্দ্রসহ এই সংখ্যা দাঁড়াল ১৫টিতে।

এর ফলে উল্লেখিত এলাকার ভারত গমনেচ্ছুদের আর ঢাকায় এসে ভিসা করার ভোগান্তি পোহাতে হবে না।

(এসএএম/ ০২ জানুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)