পেরুতে পাহাড় ধসে ১৫ জনের মৃত্যু

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পেরুর দক্ষিণপূর্বাঞ্চলে পাহাড় ধসে চাপা পড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। পাহাড়টির পাশের একটি হোটেলে বিবাহ অনুষ্ঠান চলাকালে এ ধসের ঘটনা ঘটে।রোববার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

আবাসেই নগরীর মেয়র আরপিপি রেডিও’কে বলেন, ‘পাহাড় ধসে হোটেলটি মাটিতে চাপা পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।’

মেয়র ইভারিস্তো রামোস বলেন, হোটেলটিতে শনিবারের ওই বিবাহ অনুষ্ঠানে প্রায় ১শ’ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাহাড় ধসে এটি চাপা পড়ায় ১৫ জনের মৃত্যু ও ৩৪ জন আহত হয়।

দমকল কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তুপের ভিতর আটকা পড়া লোকদের উদ্ধারে রাতভর কাজ করে।

কর্তৃপক্ষ জানায়, আলহামব্রা নামের এ হোটেলের অবস্থান ছিল একেবারে পাহাড়ের কাছে। পাহাড় ধসে হোটেলটির পাশের দেয়াল ভেঙ্গে যাওয়ায় এটি মাটিতে চাপা পড়ে।

পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবকে খুঁজতে আসা লোকজনকে পার্শ্ববর্তী বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তাদের প্রিয়জনকে চিহিৃত করার অনুরোধ জানানো হয়েছে।

(এমআইআর/ ২৮ জানুয়ারি ২০১৯)


Comment As:

Comment (0)